ব্যাংকগুলো সিন্ডিকেট করে সুদ বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি ব্যাংকগুলো সিন্ডিকেট করে ঋণের সুদের হার বাড়াচ্ছে। সুদের হার নিয়ে ব্যাংকিং খাতে চলছে অসম প্রতিযোগিতা। অথচ এ বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে চলতে থাকলে দেশের শিল্পায়নের গতি থেমে যাবে।‘সুদের হার বাড়িয়ে নয়, ব্যবস্থাপনা দক্ষতা দিয়ে মূল্যস্ফীতি কমাতে হবে’ শীর্ষক সেমিনারে এই অভিযোগ করেছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তারা। রাজধানীর মতিঝিলে গতকাল বুধবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে এসএমই ওনার্স অ্যাসোসিয়েশন।সেমিনারের প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকের দায়িত্ব হচ্ছে সামাজিক সেবা দেওয়া। কিন্তু আমাদের দেশে হচ্ছে মুনাফা অর্জন করা। এটা দ্বন্দ্ব সৃষ্টি করছে।’ তিনি বলেন, কোনো শিল্প যেন রুগ্ণ শিল্পে পরিণত না হয়, সেটা হবে শিল্প মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। তবে ব্যাংকের নীতি যদি ঠিক না থাকে তাহলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না।এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন বলেন, সরকার যেমন কয়েকটি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়, তেমনি ব্যাংকঋণের সুদের হারও নির্ধারণ করে দেওয়া উচিত। তিনি বলেন, এসএমই খাতে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে এক শতাংশ হারে এডিবি ও জাইকা ঋণ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক তা আবার পাঁচ শতাংশ সুদে বেসরকারি ব্যাংকগুলোকে দিয়েছে। আর ব্যাংকগুলো এই অর্থ দিয়ে নিজেদের মুনাফা বাড়িয়ে নিচ্ছে।সেমিনারে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যে যেমন সিন্ডিকেট হয়, তেমনি ব্যাংকগুলোও আজকাল সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে। ব্যাংকগুলোর এই সিন্ডিকেট আজ প্রতিরোধ করা জরুরি হয়ে পড়েছে।’ তিনি বলেন, সরকার সমপ্রতি প্রতিযোগিতা আইন সংসদে উপস্থাপন করেছে। এটি পাস হয়ে গেলে সিন্ডিকেট কমে যাবে।রূপালী ব্যাংকের পরিচালক কাজী মোর্শেদ কামাল বলেন, ‘ঋণের সুদের হার নিয়ে দেশে অসম প্রতিযোগিতা চলছে। বেসরকারি ব্যাংকগুলো কত বেশি সুদ দিয়ে কে কার চেয়ে বেশি আমানত সংগ্রহ করতে পারবে—সেই প্রতিযোগিতায় নেমেছে। এতে ঋণের সুদের হারও বেড়ে যাচ্ছে। তাছাড়া কে কার আগে বড়লোক হবে সেটা নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও অসম প্রতিযোগিতা চলছে।’মোর্শেদ কামাল বলেন, ‘নতুন ব্যাংক দেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন শর্ত দেওয়া হয়েছে। কিন্তু তার পরও ব্যাংক নেওয়ার দৌড়ে ব্যবসায়ীরা পিছিয়ে নেই। এতে বোঝা যায়, ব্যাংক থেকে তাঁরা কী পরিমাণে মুনাফা আশা করেন।’হিমাগার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘সরকার বলে কৃষিভিত্তিক শিল্পের জন্য অনেক কিছু করা হচ্ছে। কিন্তু আমরা কোনো কিছুই পাচ্ছি না। ব্যাংকের কাছে যাঁরা ঋণখেলাপি তাঁদের খুব দাম। আমার মতো ছোট ব্যবসায়ীর কোনো দাম নেই।’চকবাজারের ব্যবসায়ী আবদুস সালাম অভিযোগ করে বলেন, তাঁর ভাই ১৩ শতাংশ সুদে ব্যাংক থেকে ৫০ লাখ টাকা ঋণ নিলেও এ পর্যন্ত দুই দফা চিঠি দিয়ে ব্যাংক ১৬ ও ১৮ শতাংশ হারে সুদ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ রায় চৌধুরী বলেন, ‘বিশ্বের সব দেশে বাজারই ঠিক করে দেয় ঋণের সুদের হার কত হবে। কিন্তু আমাদের বাজার প্রতিযোগিতাপূর্ণ নয়। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নেন। কিন্তু তাঁরা জানেনই না সুদের হার কত, কী কী শর্ত রয়েছে। ব্যাংকারদের সঙ্গে দরকষাকষি করে উদ্যোক্তারা সুদের হার ঠিক করে নেবেন। কিন্তু দেশে ব্যাংকার ও উদ্যোক্তাদের মধ্যে যথাযথ সমন্বয় নেই। সেটা করার মতো অবস্থাও নেই। এ দেশে এগুলো করতে হয় সংগঠনকে।’ তিনি বলেন, ‘এসএমই খাতে ব্যাংকঋণের সুদের হার বেশি নেওয়া হলে আমি তা সমর্থন করব না।’মূল প্রবন্ধে এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান বলেন, ঋণের সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এ দেশে সম্ভব নয়। আমদানিনির্ভর এ দেশে সুদের হার বাড়ালে পণ্যমূল্য আরও বাড়বে।সেমিনারে আরও বক্তব্য দেন এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রমুখ।