ব্যাংকগুলোকে ছেঁড়া ফাটা নোটের বিনিময়মূল্য দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ব্যাংকের শাখাগুলোকে জনসাধারণের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান এবং জনসাধারণের মধ্যে ধাতবমুদ্রা সরবরাহ করতে হবে। বাংলাদেশ ব্যাংক পরিপত্র এবং কার্যপত্রের আলোকে এ নির্দেশনা দিয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্তীর সই করা এক নির্দেশনায় এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পত্র-পত্রিকার খবর, ব্যক্তিগত অভিযোগ এবং ফোনে পাওয়া বিভিন্ন অভিযোগ থেকে ধারণা করা হচ্ছে, বিভিন্ন শাখা এ কাজগুলো করছে না। এ ছাড়া ধাতবমুদ্রা গ্রহণ এবং অনেক ক্ষেত্রে জনগণের মধ্যে তা বিতরণও করা হচ্ছে না। এতে করে জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে। বিষয়টি স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্নের সৃষ্টি করছে।