ব্যাংকগুলোকে দ্রুত ই-প্রদান পদ্ধতি গ্রহণের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদে দ্রুত অর্থ স্থানান্তরের জন্য দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইলেকট্রনিক প্রদান (ই-পেমেন্ট) পদ্ধতি গ্রহণ করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।গভর্নরের মতে, ই-প্রদান বা ই-পেমেন্টব্যবস্থা ব্যবসায় ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ই-প্রদান কার্যক্রম পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের চিন্তাভাবনা করছে। এতে তথ্যসমূহ এতটাই নিরাপদে থাকবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সেগুলোতে প্রবেশ বা এর অপপ্রয়োগ একেবারেই সম্ভব হবে না।গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে ই-পেমেন্ট: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে গভর্নর এসব কথা বলেন। তিনি এ সংলাপে প্রধান অতিথি ছিলেন। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন এ সংলাপের আয়োজনে সহায়তা দেয়। খবর ইউএনবির।গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করেছে। খসড়াটি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। কোনো রকম কাগুজে দলিল বা নগদ অর্থ ব্যবহার ছাড়াই ই-প্রদান কার্যক্রম সম্পন্ন করা যাবে।আতিউর রহমান বলেন, ইতিমধ্যে ১১টি ব্যাংককে সীমিত পরিসরে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আরও কিছু ব্যাংকের কাছ থেকে প্রস্তাব আছে। সেগুলো পর্যালোচনা করে ও বর্তমান কার্যক্রমের ফলাফল দেখে একটি অভিন্ন নীতি-নির্দেশনা প্রণয়ন করা হবে।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও ইন্টারনেট ও মোবাইল ফোনে লেনদেনের ক্ষেত্রে তাদের গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন গভর্নর।সংলাপে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক তহবিল স্থানান্তর প্রক্রিয়ার (ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক) মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজ অনেক সুবিধা ভোগ করতে পারবে। তিনি ব্যবসায়ী সম্প্রদায়কে এ সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। সংলাপে আইএফসির কর্মসূচি ব্যবস্থাপক মাশরুর রিয়াজ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, ই-পেমেন্টব্যবস্থা বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত করবে।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ই-পেমেন্টের সঙ্গে জড়িত সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ পদ্ধতির বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা এবং তা দূরীকরণের উপায় খুঁজে বের করার জন্য এ সংলাপ। তিনি আরও বলেন, ইলেকট্রনিক লেনদেনে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি লেনদেন কার্যক্রমের দক্ষতা বাড়াবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মূল সংলাপ পর্বে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, আইএফসির আজাদ রহমান ও কিউ ক্যাশের কাজী সাইফুদ্দিন মুনির তথ্যচিত্র উপস্থাপন করেন।