ব্যাংকগুলোকে ধাতব মুদ্রা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব তফসিলি ব্যাংকের শাখাগুলোকে গ্রাহকদের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ ও বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক গত বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করেছে।
এদিকে ব্যাংকে ধাতব মুদ্রা গ্রহণের দাবিতে গতকাল সোমবার দুপুরেও যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। যশোর জেলা বেকারি মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচিতে বেকারিশিল্পের মালিক ও শ্রমিকেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, খুলনা জেলা বেকারি মালিক সমিতির সভাপতি শামসুল আলম প্রমুখ।
কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে বলা হয়, তফসিলি ব্যাংকের শাখাগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কাগুজে নোট নেবে। এ ছাড়া স্বাভাবিক লেনদেনের স্বার্থে ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের প্রতিটি ধাতব মুদ্রা ন্যূনতম ১০ হাজার পিস সংরক্ষণ করতে হবে। আর ব্যাংকের স্থানীয় কার্যালয় ও বড় শাখাগুলোকে তিন গুণ বেশি, অর্থাৎ ৩০ হাজার পিস করে প্রতিটি মূল্যমানের মুদ্রা রাখতে হবে। নির্দিষ্টসংখ্যক ধাতব মুদ্রা ব্যাংকের শাখায় রাখার পর অতিরিক্ত মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।
সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ধাতব মুদ্রা নিচ্ছে না—এমন অভিযোগে গত মাসে সংবাদ সম্মেলন করেন যশোরের ব্যবসায়ীরা। একই অভিযোগে চলতি মাসে খুলনার ব্যবসায়ীরাও স্মারকলিপি দেন জেলা প্রশাসককে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র সম্পর্কে প্রশ্ন করলে যশোরের বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম গত রাতে বলেন, ‘রোববার ও সোমবার সব ব্যাংকে আমরা খোঁজ নিইনি। তবে রোববার সোস্যাল ইসলামী ব্যাংকে আমার ব্যবস্থাপকের মাধ্যমে ৩১ হাজার ৫০০ টাকা জমা দিতে পাঠাই। এর মধ্যে ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ছিল ৬৫০ টাকার। এই টাকাই প্রথমে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা নিতে চাননি। অনেক অনুরোধের পর অবশ্য নেন।’