হঠাৎ করে ডলারের মূল্য বৃদ্ধির পর আবার কমেও এসেছে। ভবিষ্যতে যাতে এমন অযৌক্তিকভাবে ডলারের দাম না বাড়ে, এ জন্য ব্যাংকগুলোকে ডেকে এনে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রার লেনদেন করা শীর্ষ ২০ ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে গতকাল রোববার আলোচনায় বসে কেন্দ্রীয় ব্যাংক। এ সভাতেই ব্যাংকগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়।
সভায় দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু প্রস্তাব রাখা হয় ব্যাংকগুলোর পক্ষে। বাংলাদেশ ব্যাংক তা বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান অংশ নেওয়া ব্যাংক কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় বাফেদা ও ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, সবার বৈদেশিক বাণিজ্য ব্যবসা নেই, এ কারণে একটি ব্যাংক কী পরিমাণ বৈদেশিক মুদ্রা ধারণ করতে পারবে তা যৌক্তিক পর্যায়ে আনতে হবে। বর্তমানে মূলধনের ২০ শতাংশের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রাখতে পারে ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচা করতে ব্রোকারেজ ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়, এতে করে কেউ সুযোগ নিতে পারবে না।
ব্যাংকগুলো জানায়, অফশোর ব্যাংকের মাধ্যমে যে পরিমাণ ঋণ দেওয়া হয়, অনেক ব্যাংকেরই তা বৈদেশিক মুদ্রা ধারণক্ষমতার বেশি। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। যেসব ব্যাংকের বৈদেশিক মুদ্রা আয় নেই, তাদের ভেবেচিন্তে বৈদেশিক বাণিজ্যের ঋণপত্র খোলার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ডলারের দামের হঠাৎ উত্থান কোনোভাবেই কাম্য না। ডলার আয় ও ব্যয় কখন কী পরিমাণ হবে, ব্যাংকগুলোকে এ বিষয়ে নজর রাখতে হবে। কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে কেউ লাভবান হওয়ার চিন্তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
সভা শেষে বাফেদার চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংক ও বাফেদার নির্দেশনা না মানার কারণেই সাম্প্রতিক উত্থান হয়েছিল। বাজার স্থিতিশীল রাখতে আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ ব্যাংক তার অনেকগুলোই মানার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ডলারের বাজার চাহিদা বোঝার মতো কোনো তথ্য বাংলাদেশ ব্যাংকে নেই। এ কারণে তদারকি করা সম্ভব হয়নি। শুধু ডলার কিনে ও বিক্রি করে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়। ব্যাংকগুলোর কাছে চাহিদা ও জোগানের তথ্য চাওয়া হয়েছে। এরপরই তদারকি শুরু হবে।
এদিকে আমদানি বিল পরিশোধে গতকাল ব্যাংকগুলোতে প্রতি ডলারের মূল্য ছিল গড়ে ৮২ টাকা ২০ পয়সা। গত সপ্তাহেও বেশ কয়েকটি ব্যাংক এ ক্ষেত্রে দাম ৮৫ টাকা পর্যন্ত নেয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলারের মূল্য দাঁড়িয়েছে ৮০ টাকা ২৩ পয়সা। মার্চের শুরুতে যা ছিল ৭৯ টাকা ৩৯ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ডলারের দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। দাম যা বেড়েছে, আরও কমবে।