ব্যাংকগুলোকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
দেশের সব ব্যাংককে প্রচণ্ড এই শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে স্বাক্ষরিত একটি পত্রে করপোরেট সামাজিক দায়বদ্ধাতার (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে।ওই পত্রে বলা হয়, বিগত শীত মৌসুমে বিভিন্ন তফসিলি ব্যাংক সিএসআরের আওতায় দেশের দারিদ্র্যপীড়িত হাওর, চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রম প্রহণ করে।চলতি বছরেও শীতের তীব্রতা বিবেচনায় এ ধরনের মানবিক কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ ও প্রয়োজনীয়তার নিরিখে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সিএসআর কার্যক্রমের আওতায় শীতার্ত অসহায় মানুষের সাহায্যার্থে জরুরিভাবে কম্বলসহ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয় ওই পত্রে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এ তথ্য জানান।