বিডিবিএলের কার্যক্রম উদ্বোধনকালে অর্থমন্ত্রী
ব্যাংকগুলোকে শুধু শিল্পঋণ নয়, চলতি মূলধনও দিতে হবে
শুধু শিল্পঋণ দিলেই শিল্পোন্নয়ন হবে না, ব্যাংকগুলোকে উদ্যোক্তাদের জন্য চলতি মূলধনও সরবরাহ করতে হবে। ব্যাংকিং খাত যাতে শিল্পঋণের পাশাপাশি চলতি মূলধন সরবরাহে বাধ্য থাকে, ভবিষ্যতের শিল্পনীতিতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার রাজধানীর স্থানীয় একটি হোটেলে নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।অর্থমন্ত্রী আরও বলেন, রুগ্ণ শিল্প নিয়ে শিগগির একটি নীতিমালা করা হচ্ছে। রুগ্ণ শিল্প শব্দটিকেই দেশ থেকে বিদায় করতে হবে বলে মনে করেন তিনি।অর্থমন্ত্রীর মতে, অনেক রুগ্ণ শিল্প কোনো দিনই আর জেগে উঠবে না। লজ্জার বিষয়, এখনো রুগ্ণ শিল্প সমিতি নামে একটি সমিতির সঙ্গে তাঁর কথা বলতে হয়।বিডিবিএলের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান নাজেম আহমাদ চৌধুরী। আরও বক্তব্য দেন অতিরিক্ত অর্থসচিব শফিকুর রহমান পাটোয়ারী ও বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী স্বাধীনতার পর বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) গঠনের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক উন্নয়নের চিন্তাধারায় সামাজিক দায়িত্ব তখন উচ্চাসনে ছিল। তাই সরকারি নিয়ন্ত্রণে গঠিত হয়েছিল এই দুই প্রতিষ্ঠান।অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশে স্বতন্ত্র শিল্প উন্নয়নের লক্ষ্যে ব্যাংক প্রতিষ্ঠা পায়। পাকিস্তান হওয়ার পরও আত্মপ্রকাশ করে সে রকম বিশেষায়িত প্রতিষ্ঠান, যা পরে বিএসবি ও বিএসআরএস নাম নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু আশির দশকে আর্থিক খাত কিছুটা সুসংহত ও সুসংগঠিত হয়। তখন থেকেই বিএসবি ও বিএসআরএসের গুরুত্ব কমতে থাকে। প্রতিষ্ঠান দুটিকে একীভূত করার প্রস্তাব ওঠে ওই আশির দশকেই। তবে নানা কারণে কাজটি আর এগোয়নি।দুই যুগ পর গত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বিএসবি ও বিএসআরএসকে একীভূত করে বিডিবিএল গঠনের বিষয়টিকে এগিয়ে নিয়ে আসেন বলে স্বীকার করেন অর্থমন্ত্রী।আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের শিল্পোন্নয়নে পুঁজির সমস্যা রয়েই গেছে। আর পুঁজিবাজারও ততটা সুসংহত নয়। তবে এর মধ্যে বিভিন্ন ব্যাংকের সমন্বয়ে সিন্ডিকেটেড ঋণ কিছুটা স্বস্তি দিয়েছে। তবে মোটের ওপর শিল্পঋণের পর চলতি ঋণের ব্যবহারের বিষয়ে কোনো সমন্বয় হয়নি দেশের ব্যাংক খাতে। বিডিবিএল এই সমন্বয়ের কাজটি করবে বলে তিনি আশাবাদী। বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমাদ চৌধুরী ৪০০টি অবলোপন করা ঋণের আড়াই হাজার কোটি টাকার বোঝা নিয়ে বিডিবিএলের যাত্রা শুরুর কথা উল্লেখ করেন।চেয়ারম্যান জানান, বিডিবিএলের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। এর বিনিয়োগযোগ্য তহবিল অপ্রতুল। অবলুপ্ত দুই প্রতিষ্ঠানের ৪০০টি প্রকল্পে মামলা রয়েছে ৬০০টি, যা পাঁচ বছর ধরে অনিষ্পন্ন। মামলায় দাবিকৃত অর্থের পরিমাণ দুই হাজার ১০০ কোটি টাকা। নাজেম আহমাদ চৌধুরী আরও জানান, ৫৭৯ জন কর্মকর্তা, ২৬৭ জন কর্মচারী এবং মতিঝিলের শিল্প ভবন ও কারওয়ান বাজারের বিএসআরএস ভবনে চলবে বিডিবিএলের কার্যক্রম। তবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে শিগগির সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে। বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে অন্য ব্যাংক থেকে প্রেষণে অভিজ্ঞ ব্যাংকারদের আনতে হবে।বিডিবিএলের চেয়ারম্যান বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর কাছ থেকে নবগঠিত ব্যাংকের জন্য কারিগরি সহায়তা চাওয়ারও দাবি জানান।ব্যাংকটির আয় বাড়াতে আপাতত স্টক এক্সচেঞ্জের একটি সদস্যপদ নিলামে বিক্রি, অপ্রয়োজনীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি, ভবিষ্যতে আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রি এবং বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম চালানোর পরামর্শ দেন তিনি। বিডিবিএলের চেয়ারম্যান আরও জানান, শুরু অবস্থায় সরকার ও বাংলাদেশ ব্যাংক বিডিবিএলকে স্বল্প সুদে তহবিল দিতে পারে। আর মামলা পরিচালনা করতে আর্থিক সীমাবদ্ধতার কারণে নামী আইনজীবী নিয়োগ করা যায় না। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।