
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে কেন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো, তা তো স্পষ্টই। ব্যাংকগুলোর অবস্থা আসলে ভালো নয়। দেখা গেছে, এমন এক কোম্পানিকে ঋণ দেওয়া হলো, যে কোম্পানির অস্তিত্বই নেই।
আবার কোনো কোনো কোম্পানিকে দেওয়া ঋণের বিপরীতে জামানতই নেওয়া হয়নি। জামানত নিলেও কাগজপত্র ঠিক নেই। এখন এগুলোই তো হচ্ছে ব্যাংকগুলোতে। আর খেলাপি ঋণের উচ্চ হার তো আছেই। ঋণ নিলেন একজন, কিন্তু তিনি টাকা ফেরত দেবেন না। আরে, টাকা তো ব্যাংকেরও না, মানুষের আমানত। ব্যাংকগুলো ওই টাকা জোরালোভাবে আদায়ের পদক্ষেপও নিতে পারছে না। কারণ, এতে ব্যাংকগুলোরও গলদ রয়েছে।
কাজেই ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে দিক থেকে পর্যবেক্ষকেরা ভালো ভূমিকা রাখতে পারেন। পর্যবেক্ষকদের তেমন কিছু করার দরকার নেই, পর্ষদ সভায় তাঁর উপস্থিতিই যথেষ্ট। আবার এ-ও দেখতে হবে যে পর্যবেক্ষক কতটা নিরপেক্ষ আছেন বা কতটা সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্বটুকু পালন করছেন। নইলে, পর্যবেক্ষক থাকা সত্ত্বেও ব্যাংকগুলোতে আগের মতোই কার্যকলাপ চলতে পারে।
তবে আমি মনে করি, শুধুই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যাংকের পর্ষদ সদস্যরা পর্ষদে উপস্থাপিত ঋণ বিতরণ থেকে শুরু করে সব ধরনের প্রস্তাব কীভাবে অনুমোদন করেন, বাংলাদেশ ব্যাংকের লোকদের পাশে বসে থেকে তা দেখার দরকার আছে।
এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা