ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা কমেছে
দেশের ব্যাংকগুলোর মুনাফা কমে গেছে। ২০১২ সালে ব্যাংকগুলোতে আমানত সংগ্রহে ভালো প্রবৃদ্ধি ছিল, প্রবৃদ্ধি ঋণেও ছিল। তার পরও পরিচালন এবং নিট মুনাফা কমে গেছে। সামগ্রিক ব্যাংক খাতের এ চিত্র সাম্প্রতিক বছরগুলোর সঙ্গে অনেকটাই বেমানান।এ সময় সামগ্রিক ব্যাংক খাতে নিট মুনাফা শুধু কমেইনি, বরং লোকসান গুনেছে সাতটি ব্যাংক। প্রথম দুই প্রান্তিকে যে মুনাফা হয়েছিল, তা দিয়েই মূলত ১২ মাসের নিট মুনাফা দাঁড় করিয়েছে বেশির ভাগ ব্যাংক।বছরের তৃতীয় প্রান্তিক থেকেই মুনাফায় ভাটা দেখা দেয় ব্যাংক খাতে। গত জুলাই-সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের মাত্র সাতটি ব্যাংক আগের বছরের চেয়ে বেশি মুনাফা করে। আর অন্য সাতটি ব্যাংক বড় অঙ্কের নিট লোকসান দেয়। স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তৃতীয় প্রান্তিক থেকে নিট মুনাফায় ভাটার তথ্য পাওয়া যাচ্ছিল। আর ডিসেম্বরভিত্তিক তথ্য মিলেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন থেকে। আমানত সংগ্রহের অসুস্থ প্রতিযোগিতায় তহবিল ব্যয় বৃদ্ধি, বড় অঙ্কের ব্লক হিসাব (সুদ আয় আটকে পড়া) সৃষ্টি, আমানত ও ঋণের সুদহারের ব্যবধান কমাতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, সময়মতো ঋণ আদায় করতে না পারায় তার বিপরীতে বড় অঙ্কের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) সংরক্ষণ, শেয়ারবাজারে দরপতনের কারণে নতুন করে সঞ্চিতি, নিত্যপণ্য আমদানি অর্থায়নে টাকা আটকে পড়া, কিছু শিল্প ও সেবা খাতে মন্দা অবস্থা এবং নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক আগ্রহ না থাকায় এ অবস্থা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো শেয়ারবাজারের তালিকাভুক্ত। নিট মুনাফার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা হবে। তার আগে ব্যাংকের বহির্নিরীক্ষা কাজ শেষ হবে। প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা করে নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা করে স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠাবে।ডিসেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং-সংক্রান্ত বিধান কার্যকর হয়েছে। এতে সামগ্রিকভাবে ব্যাংক খাতে ১ দশমিক ৬৮ শতাংশ অতিরিক্ত সঞ্চিতি সংরক্ষণ করতে হয়েছে। এই অতিরিক্ত সঞ্চিতির জন্য নিট মুনাফা সাময়িক কমলেও আর্থিক ভিত্তি বা শক্তি বৃদ্ধি পাবে। আর এটা এবারই শেষ। কিন্তু সেপ্টেম্বর প্রান্তিকে এসে যে নিট মুনাফা কমে গেল, সেটা আর্থিক শক্তি বৃদ্ধির নয়। বরং এর আগে বিতরণ করা ঋণ আদায় আটকে পড়াসহ অন্য কারণগুলোই মনে করা হচ্ছে।জানতে চাওয়া হলে ব্যাংকে শীর্ষস্থানীয় নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন প্রথম আলোকে বলেন, এটা হয়তো ঠিক কোনো কোনো ব্যাংক আমানত সংগ্রহে বেশি সুদ দিয়েছে। তবে তার পরও কিন্তু অনেক ব্যাংক বেশি সুদে ঋণও দিয়েছে। তিনি একমত হন যে ব্লক হিসাবের কারণে ব্যাংকের সুদ আয় আটকে পড়েছে। আবার খেলাপি ঋণ পুনঃ তফসিল করে নতুনভাবে সুদ কমানোর তথ্যও দেন তিনি।পরিচালন ও নিট মুনাফা: বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে দেখা গেছে, ২০১২ সালে ৪৭টি ব্যাংকের মোট পরিচালন মুনাফা হয়েছে ১৯ হাজার ৭২৮ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০১১ সালে হয়েছিল ১৯ হাজার ৭৩৮ কোটি টাকা ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে পরিচালন মুনাফা ১০ কোটি টাকা কম হয়েছে। কিন্তু গত বছর সার্বিকভাবে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৩২ শতাংশ। ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২০ শতাংশ। আর বছর শেষে নতুন বিধান বাস্তবায়ন করতে গিয়ে আগের বারের চেয়ে অতিরিক্ত সঞ্চিতি করতে হয়েছে নয় হাজার ৪২৩ কোটি টাকা। তাতে আগের বারের চেয়ে বেশি সঞ্চিতি করতে হয়েছে ১ দশমিক ৬৮ শতাংশ। রিয়েল এস্টেট ও জাহাজভাঙা শিল্প: অর্থনীতির প্রধান কতকগুলো খাতে সমস্যা হচ্ছে এমন আভাস মিলেছে ব্যাংকারদের তথ্য থেকে। যেমন, রিয়েল এস্টেট বা আবাসন খাতের বেচাবিক্রি কমে গেছে। বেশ কিছু ঋণগ্রহীতা ভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যবসার জন্য ঋণ নিয়ে এ খাতে বিনিয়োগ করেছেন বড় মুনাফার আশায়। এখন বেচাবিক্রি না হওয়ায় ব্যাংকের টাকাও ফেরত আসছে না। এ রিয়েল এস্টেট নিয়ে ২০০৯ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নানা ধরনের শঙ্কা প্রকাশ করে আসছে। কেন্দ্রীয় ব্যাংক একবার সিদ্ধান্ত নিয়েছিল, রিয়েল এস্টেট ও শেয়ারবাজার বিষয়ে বাইরের বিশেষজ্ঞ নিয়ে সমীক্ষা করা হবে। শেয়ারবাজার নিয়ে সেই সমীক্ষা ২০১০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক একটি নির্বাহী সেমিনারে উপস্থাপন করে অতি গোপনীয়তা রক্ষা করে। কিন্তু রিয়েল এস্টেট নিয়ে সমীক্ষাটিই করেনি কেন্দ্রীয় ব্যাংক।অন্যদিকে কয়েকটি ব্যাংক জাহাজভাঙা শিল্পে বিনিয়োগ করেছিল। এখন এ খাতে বড় অঙ্কের ঋণ আটকে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, তাঁদের কিছু নতুন ঋণ জাহাজভাঙা শিল্পে দরপতনের কারণে আটকে পড়েছে, যাতে তাদের বড় অঙ্কের সঞ্চিতি সংরক্ষণ করতে হয়েছে। আমদানি অর্থায়ন ও হল-মার্ক: একদল ব্যবসায়ী আমদানি করা নিত্যপণ্য বাজারজাত করতে বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ তিন মাসের জন্য আর্থিক সুবিধাগুলো নিয়েছিলেন। কিন্তু বিশ্বাসভঙ্গ করেছেন এই ব্যবসায়ীরা। এই হাজার হাজার কোটি টাকা এখন মেয়াদি ঋণ হয়ে আটকে গেছে। আর ব্যাংকগুলোও যাচাই-বাছাই বা ভবিষ্যৎ বিশ্লেষণ ছাড়াই, ক্ষেত্রবিশেষে সুবিধাভোগী হয়েও এ বিপুল অর্থায়ন করে এখন ফেঁসে গেছে। এসব অর্থায়নই সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর নগদ সংকটের অন্যতম কারণ হয়েছে।সুবিধাভোগী ব্যবসায়ীরা তাঁদের এ অর্থায়নগুলো ইতিমধ্যেই বিভিন্ন মেয়াদের জন্য পুনঃতফসিল করে নিয়েছেন, কিছু ক্ষেত্রে এখনো এর কাজ চলছে। ফলে স্বল্প মেয়াদে ৯০ দিন কিংবা ১২০ দিনে যে অর্থ ব্যাংকের কাছে ফিরে আসার কথা ছিল, তা এখন মেয়াদের ভিন্নতায় পাঁচ বছর অথবা তার বেশি সময় ধরে ব্যাংকে আসবে। উপরন্তু অনেক ক্ষেত্রে এর সুদ মওকুফসহ নানা ধরনের মুনাফা ছাড় ও কিছু ক্ষেত্রে খেলাপি হয়ে পড়ায় নতুন প্রভিশনিংয়ের প্রয়োজন হয়েছে, যাতে নিট মুনাফা কমে গেছে।আবার বছরের শেষ প্রান্তিকে উন্মোচিত হওয়া হল-মার্ক কেলেঙ্কারির নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংক খাতে। শেয়ারের দরপতন: শেয়ারবাজারে নানাভাবে জড়িয়ে আছে অনেকগুলো ব্যাংক। তাদের নিজস্ব বিনিয়োগ যেমন আছে, তেমনি আছে গ্রাহককে ঋণ দিয়ে বিনিয়োগ। এ ক্ষেত্রে প্রান্তিক ঋণ (মার্জিন লোন) সীমা অনুসরণও হয়নি। আবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি (আগের কমিশন) বহুবার এ সীমা পরিবর্তন করে। এখন শেয়ারের দাম পড়ে যাওয়ায় মার্ক টু মার্কেট (বাজার দরে সমন্বয়) রাখতে গিয়ে নতুন করে প্রভিশন করায় নিট মুনাফায় প্রভাব পড়েছে কোনো কোনো ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের যে বিভাগ ব্যাংকগুলোকে সুপারভিশন বা তদারক করে, সেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ধারণা, প্রধানত দুটি কারণে ব্যাংকের নিট মুনাফা কমেছে। একটি ঋণ আদায় আটকে পড়েছে আর অপরটি হচ্ছে শেয়ারবাজারে মন্দা পরিস্থিতি।