ব্যাংকগুলোর হিসাব বিবরণী দাখিলের সময় বাড়াল এসইসি
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর তৃতীয় ত্রৈমাসিক হিসাব বিবরণী দাখিলের সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী ১০ নভেম্বরের মধ্যে এই হিসাব বিবরণী এসইসিতে জমা দেওয়া যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসইসি এ তথ্য জানায়।এসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এসইসি তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক হিসাব বিবরণী দাখিলের সময় ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’এসইসি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী, ইনস্যুরেন্স কোম্পানি ছাড়া তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলোকে তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে হিসাব বিবরণী এসইসিতে জমা দিতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুরোধে ব্যাংকগুলোর গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসইসি।এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাসের গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।