ব্যাংকগুলোয় আমানতের সুদ সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ
বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তা ও শীর্ষস্থানীয় নির্বাহীদের দুই সংগঠন যৌথভাবে আমানতের সর্বোচ্চ সুদের হার ১২ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলতেও সর্বোচ্চ ১২ শতাংশ ঋণের সুদ নির্ধারণ করেছে। ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গতকাল শনিবার অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে কার্যকর করা হবে। এ জন্য আজ রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সিদ্ধান্তটি পাঠানো হবে। কোনো ব্যাংক এ সিদ্ধান্ত না মেনে বেশি সুদ নিলে বা দিলে আন্তব্যাংক মুদ্রাবাজারে তাদের সহায়তা দেওয়া হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকের শুরুতে বিষয়টি নিয়ে মালিক ও প্রধান নির্বাহীদের মধ্যে তর্কবিতর্ক হয়। কয়েকজন এমডি বলেন, তাঁরা ১৪ শতাংশ পর্যন্ত সুদে আমানত সংগ্রহ করেছেন। অনেককে কথাও দিয়ে রাখা হয়েছে। তাঁদের কেউ কেউ আজ রোববার আমানত জমা করবেন। ওই গ্রাহককে যদি হঠাৎ করে বলা হয়, ১২ শতাংশের বেশি সুদ দেওয়া হবে না, তাহলে বিষয়টি খারাপ হবে। গ্রাহক অন্য ব্যাংকে চলে যাবে। এমডিরা বলেন, সিদ্ধান্ত চাপিয়ে দিলে সেটি পালন করা কঠিন হবে। তবে শীর্ষস্থানীয় নির্বাহীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খুলতে কোনো ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ১২ শতাংশের বেশি সুদ নেয় না।বৈঠকে নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা সর্বোচ্চ ১২ শতাংশ সুদে আমানত সংগ্রহ করব বলে কথা দিয়েছি। তাই একটু কষ্ট হলেও এটি মেনে নিন। মানলে সরকার আমাদের অনেক ধরনের সুবিধা দেবে। আমরা যে করপোরেট কর (প্রাতিষ্ঠানিক আয়কর) কমানোর দাবি জানিয়ে আসছি, সেটা মেনে নেবে।’ নজরুল ইসলাম আরও বলেন, সব ব্যাংক একসঙ্গে ১২ শতাংশ সর্বোচ্চ সুদ ধার্য করলে গ্রাহক আকষ্ট করতে কারও সমস্যা হবে না। তর্কবিতর্ক হলেও একপর্যায়ে এমডি ও উদ্যোক্তা উভয় পক্ষই আমানতের সুদের সর্বোচ্চ সীমার প্রশ্নে সিদ্ধান্তে আসে। বৈঠকে নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংক-মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঋণ-আমানত অনুপাত (সিডিআর) বাড়িয়ে প্রচলিত ব্যাংকগুলোর জন্য ৯০ শতাংশ এবং ইসলামি ব্যাংকগুলোর জন্য ৯৫ শতাংশ নির্ধারণ করেছে। তবে এবিবির সভাপতি কে মাহমুদ সাত্তার এ সময় বলেন, সিডিআর অনুপাত নিয়ে তিনি নিজে ডেপুটি গভর্নরের সঙ্গে কথা বলেছেন। ডেপুটি গভর্নর তাঁকে বলেছেন, বিশেষ কোনো কারণে কোনো ব্যাংকের সিডিআর নির্দেশিত সীমার বাইরে থাকলে সেটা কেস টু কেস ভিত্তিতে দেখা হবে। তবে ঋণ দিতে গিয়ে কারও সিডিআর বাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ পর্যায়ে নজরুল ইসলাম মজুমদার দায়িত্ব নিয়ে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক এটি আমাদের বলেছে। তাই এ নিয়ে কোনো সমস্যা হলে সে দায়িত্ব আমি নিজেই নিচ্ছি। আপনারা আমানতের ৯০ ও ৯৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করুন।’