ব্যাংকপাড়ায় কর্মচাঞ্চল্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের লম্বা ছুটি শেষ। বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে গতকাল বুধবার থেকেই। তবে কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। এখনো সর্বত্রই ঈদের আমেজ।ঈদের পর গতকাল প্রথম কর্মদিবসে মতিঝিলের ব্যাংকপাড়ার স্বাভাবিক ব্যস্ত চিত্রটি চোখে পড়েনি। রাজধানীর ব্যস্ততম এলাকাটির সব সড়কই ছিল ফাঁকা। ছিল না যানজট কিংবা মানুষের ব্যস্ত ছোটাছুটি।নিয়ম মেনেই গতকাল সকাল ১০টায় ব্যাংকের লেনদেন শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে ঈদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম। অন্যদিকে অনেক কর্মকর্তারই আসন ছিল ফাঁকা।গতকাল বেলা আড়াইটার দিকে মতিঝিলের সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, অল্প সংখ্যক গ্রাহক দুই-তিনটি কাউন্টার থেকে টাকা তুলছেন। অধিকাংশ কাউন্টারে কর্মকর্তারা উপস্থিত থাকলেও গ্রাহক ছিলেন না। ব্যাংকের কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, গ্রাহক উপস্থিত মোটামুটি। আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করেন তিনি। দু-চারজন ছাড়া প্রায় সবাই ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন বলে দাবি করেন এই ব্যাংকার। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের সঞ্চয়পত্র শাখায় বেশ চাপ ছিল বলে জানান কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, এক সপ্তাহ ব্যাংক বন্ধ থাকায় অনেকেই মুনাফা তুলতে এসেছেন। নতুন না হলেও সঞ্চয়পত্রে বেশ কিছু পুনর্বিনিয়োগ হয়েছে বলে জানান তিনি। এদিকে ট্রাস্ট ব্যাংকের ধানমন্ডি শাখার এক কর্মকর্তা জানান, গতকাল গ্রাহকের উপস্থিতি ছিল একেবারেই কম। অন্যান্য সময়ের চেয়ে প্রায় ৭৫ শতাংশ কম লেনদেন হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন। জাতীয় শোক দিবস, শবে কদর ও ঈদ উপলক্ষে ১৫ থেকে ২১ আগস্ট টানা এক সপ্তাহ সরকারি ছুটি ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকগুলো ১৬ ও ১৮ আগস্ট সীমিত পরিসরে সেবা প্রদান করে। আবার কাল শুক্র ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। একাধিক ব্যাংকার জানান, অনেক কর্মকর্তাই ঈদের ছুটির সঙ্গে বুধ ও বৃহস্পতিবার বাড়তি ছুটি নিয়েছেন। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার ফিরবেন। তখন থেকেই পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে পাবে। অন্যদিকে ব্যাংক কিংবা অফিস-আদালত খুললেও নগরের বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনো ঈদের ছুটি চলছে। গতকাল মতিঝিল, টিকাটুলী, নারিন্দা, তাঁতীবাজার, সদরঘাট, ইসলামপুর, পাটুয়াটুলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ানবাজার এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। তবে খাবারের দোকানগুলো ছিল কম-বেশি সরগরম।এ ছাড়া শেয়ারবাজারেও চলছে ছুটি। আগামী রোববার থেকে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে।