ব্যাংকব্যবস্থায় ঘাটতি নয় বরং অতিরিক্ত অর্থ আছে
দেশের ব্যাংকব্যবস্থায় কোনো তারল্য-সংকট নেই। বরং ব্যাংক খাতে গতকাল বুধবার পর্যন্ত ২৮ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে থাকা ব্যাংকগুলোর হিসাবেও (সিআরআর সংরক্ষণের হিসাব) দুই হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থ হিসাবে অলস পড়ে রয়েছে।অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগসীমা ব্যাংকের পরিশোধিত মূলধনের ভিত্তিতে নির্ধারণে ইতিমধ্যেই আইনি সংশোধনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলোকে আগাম প্রস্তুতি নিতেও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গতকাল ব্যাংকার্স বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে।এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, ‘ব্যাংকব্যবস্থায় কোনো তারল্য-সংকট নেই। দু-একটা ব্যাংকে একটু চাপ থাকতে পারে। এটা হয়েছে ওই সব ব্যাংকের অতিরিক্ত ঋণ বিতরণের কারণে। তবে সামগ্রিক ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যই রয়েছে।’পৃথকভাবে একই তথ্য দেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার। তিনি সাংবাদিকদের বলেন, ‘তারল্য-সংকট যে নেই, তা বোঝা যাবে মুদ্রাবাজারের দিকে তাকালে। মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা (কলমানি) অর্থের সুদের হার মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ। এতেই বোঝা যায়, ব্যাংকব্যবস্থা যথেষ্ট তারল্যের মধ্যে রয়েছে।’নজরুল হুদা জানান, ব্যাংকার্স বৈঠক ডাকা হয়েছিল মূলত ব্যাংকগুলোর সিএসআর (ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ দিতে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লিবিয়া থেকে যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন, তাঁদের কীভাবে সিএসআর তহবিল দিয়ে কর্মসংস্থান করা যায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলো একটি সমন্বিত কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকে আসবে বলে জানান ডেপুটি গভর্নর।নজরুল হুদা বলেন, অন্য কোনো খাতের অস্থিতিশীলতার প্রভাব ব্যাংক খাতে পড়েনি। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস তাদের বার্ষিক ঋণমান পর্যালোচনায় দেশের ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে।নজরুল হুদা আরও বলেন, ২০১১ সালকে ব্যাংক খাতের স্থিতিশীলতার বছর বিবেচনা করে কোন্ কোন্ কারণে ব্যাংকগুলোর স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, কোনো খাতেই পরিমিত মানের অতিরিক্ত ঋণ বিতরণ যাতে না হয়, সেদিকে ব্যাংকগুলোকে খেয়াল রাখতে বলা হয়েছে।মুদ্রাবাজার পরিস্থিতি সম্পর্কে নজরুল হুদা বলেন, গতকাল কলমানির সুদের হার ছিল মাত্র ৪ দশমিক ৫০ থেকে ৬ দশমিক ৭৫ শতাংশ। লেনদেন হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। ফলে ব্যাংকগুলোর কাছে যথেষ্ট তারল্য আছে, এ জন্য তারা এত টাকা এক দিনে ধার দেওয়া-নেওয়া করতে পারছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে এক হাজার টাকা আছে। কিন্তু আমি কি এটা শেয়ারে বিনিয়োগ করব কি না সেটা আমার বিবেচনা। এর সঙ্গে তো ব্যাংকের তারল্য-সংকটের কোনো সম্পর্ক নেই।’অপর প্রশ্নে নজরুল হুদা বলেন, দেখা যাচ্ছে কিছু ব্যাংক আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অসম প্রতিযোগিতা করছে। এক-দুইটা ব্যাংক মাসে ১৫ বারও তাদের আমানতের সুদের হার বদলেছে। এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। ডেপুটি গভর্নর বলেন, রপ্তানি-মূল্য আর রপ্তানি-আয় আদায়ের মধ্যে ২০০ কোটি ডলারের পার্থক্য থাকা কোনো অনিয়ম নয়। কেননা, রপ্তানি-আয় দেশে আনার সময়সীমা চার মাস। ব্যাংকের ঋণ আমানত অনুপাত প্রসঙ্গে নজরুল হুদা বলেন, নয়টি ব্যাংক বাদে বাকি ব্যাংকগুলো এই অনুপাত সীমার মধ্যেই রয়েছে। নয়টির অনুপাতও সীমার মধ্যে নামিয়ে আনার গতিতে আছে। জুন মাসের মধ্যে এগুলোও সীমার মধ্যে নেমে আসবে।কিছু ব্যাংকে কিছু ক্ষেত্রে ঋণ শ্রেণীকরণ সঠিকভাবে হচ্ছে না উল্লেখ করে নজরুল হুদা বলেন, ‘এসব অনিয়মের অভিযোগের সত্যতা বাংলাদেশ ব্যাংক পেয়েছে। তাতে হয়তো ব্যাংকগুলো যে মুনাফা দেখায় তাও সঠিক নয়। ফলে আমরা এ বিষয়ে কঠোর হব, এ কথা ব্যাংকগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক চাপ কি চাপ না এটা আমাদের বিবেচ্য নয়। আমরা বলেছি, নিয়মনীতির মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’ডেপুটি গভর্নর বলেন, ভোজ্যতেল আমদানিতে কোনো কোনো ব্যাংক ঋণপত্র খুলছে না—এমন অভিযোগও আছে। তিনি বলেন, ‘আমরা ব্যাংকগুলোকে বলেছি, সহযোগিতা না করলে জিনিসপত্রের দাম বাড়বে, তাতে আপনাদেরও আয় ক্ষতিগ্রস্ত হবে।’শেয়ারবাজারবিষয়ক এক প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর বলেন, শেয়ারবাজার-সম্পর্কিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সরকারের সুপারিশ তাঁরা সংশ্লিষ্ট বিভাগে দিয়েছেন। এর ওপর কাজ হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পরিদর্শন শেষে ব্যবস্থা নেবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। পৃথকভাবে কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, কয়েকটি ব্যাংক যে আমদানি ঋণপত্র (এলসি) খুলতে পারছে না, তার কারণ ওই সব ব্যাংকে ঋণ আমানত অনুপাত অনেক বেশি। এখন তাদের তাই উচ্চ সুদে আমানত সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু আমানত সংগ্রহ বাড়ানো এত সহজ নয়, ফলে ঋণ কমাতে হচ্ছে।তবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে ঋণ আমানত অনুপাত ৭০ শতাংশ হওয়ায় তারা ঋণপত্র খুলছে বলে জানান মাহমুদ সাত্তার।