ব্যাংকব্যবস্থায় নতুন করে পাঁচ হাজার কোটি টাকার ঋণযোগ্য অর্থ আসবে
বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর আমানতের হিসাব করতে এখন থেকে ব্যাংকের পরিশোধিত মূলধন ও আন্তব্যাংক আমানত (কলমানি নয়) বিবেচনায় নেবে। এর ফলে সামগ্রিকভাবে ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (সিডিআর) বর্তমানের চেয়ে দুই শতাংশের মতো কমে আসবে। তাতে নতুন করে ঋণ-বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর সক্ষমতা বেশ খানিকটা বাড়বে। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বিশেষত, আন্তব্যাংক আমানতকে নিট করে হিসাব করবে, তাই প্রায় পাঁচ হাজার কোটি টাকার ঋণযোগ্য অতিরিক্ত অর্থ তৈরি হবে ব্যাংকব্যবস্থায়। নানামুুখী চাপের মধ্যে পড়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানত অনুপাত হিসাব কিছুটা নমনীয় করার আনুষ্ঠানিক এ ঘোষণা দিয়েছে গতকাল বুধবার। উল্লেখ্য, আন্তব্যাংক আমানত হিসাব করতে গিয়ে মুদ্রাবাজার থেকে স্বল্পসময়ের জন্য ধার করা অর্থাৎ কলমানি হিসাবে নেওয়া হবে না। বরং কোনো ব্যাংক অপর ব্যাংকের কাছ থেকে তিন মাসের বা এমন সময়ের জন্য টাকা নিলে সেই অর্থকে যে ব্যাংক নিল তার আমানত হিসাবে বিবেচনা করা হবে। নতুনভাবে ঋণ-আমানত অনুপাত হিসাব নমনীয় করার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক জরুরি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে প্রকাশ করে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান ও নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, গত সোমবার ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীদের সংগঠন এবিবি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে মুদ্রাবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করে। এরপর বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সিডিআর হিসাব করতে গিয়ে নতুনভাবে কিছু বিষয় যোগ করে শিথিল করায় ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতা বাড়বে। তাঁর হিসাবে অবশ্য নতুনভাবে ২৯ হাজার কোটি টাকা ঋণযোগ্য হয়ে মুদ্রাবাজারে আসার কথা ছিল। বিএবি ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে এর আগে অন্তত দুইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও একবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকের পর এক ধরনের চাপ তৈরি হয় কেন্দ্রীয় ব্যাংকের ওপর। বাংলাদেশ ব্যাংকের গতকালের সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান বলেন, এতদিন ধরে প্রচলিত ছিল ব্যাংকগুলোর ঋণ-আমানত হিসাব করার সময় আন্তব্যাংক আমানতকে বিবেচনা করা হতো না। কারণ এক ব্যাংকের আমানত অন্য ব্যাংকের হিসাবে আনলে তা দুইদিকেই হিসাব হয়ে যায়। মুরশিদ কুলী আরও বলেন, কিন্তু যেসব ব্যাংকে কলমানি ছাড়া অন্য ব্যাংকের স্থায়ী আমানত থাকে, তা তারা ইচ্ছা করলে একটি অংশ বিনিয়োগও করতে পারে। এ বিষয়টি বিবেচনায় এনে এখন থেকে ঋণ-আমানত হার হিসাব প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুরশিদ কুলী জানান, এ বিষয়ে ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি আরও জোরদার করতে শিগগিরই নীতিমালা প্রণয়ন করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও সহজ হবে বলেও তিনি মত দেন। এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংকে বিনিয়োগযোগ্য টাকার প্রবাহ বাড়াতে আমানত হিসাবে যোগ করা হবে ব্যাংকের সংরক্ষিত নগদ মূলধন ও আন্তব্যাংক আমানত। এর ফলে ব্যাংক খাতে পাঁচ হাজার কোটি টাকার বাড়তি অর্থ ঋণ বা বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।