ব্যাংকারদের জন্য গার্ডিয়ান লাইফের 'করোনা সেফটি নেট'

কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে বিশ্ব অর্থনীতি বেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশও চ্যালেঞ্জের মুখোমুখি। তবু অর্থনীতিকে কার্যকর রাখতে বর্তমানে ব্যাংকগুলো খুব সীমিত আকারে হলেও ক্লায়েন্টদের সেবা দিয়ে যাচ্ছে। এই সেবা দিতে গিয়ে ব্যাংকাররা পরিবারসহ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
কোভিড-১৯–এর কারণে সাধারণ ছুটিতে কাজ করা ব্যাংকারদের বিমা কভারেজের আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার সূত্র ধরে গার্ডিয়ান লাইফ দ্রুত করোনা সেফটি নেট নামে ব্যাংকারদের জন্য একটি উপযুক্ত বিমা পরিকল্প তৈরি করেছে।
এই করপোরেট পরিকল্পটি গ্রহণের মাধ্যমে ব্যাংক তাদের সেসব কর্মীর সুরক্ষা নিশ্চিত করতে পারবে, যাঁদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।
'নানা উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সময়োপযোগী বিমা পরিকল্প তৈরি ও সেরা বিমা সেবা নিশ্চিতকরণে গার্ডিয়ান লাইফ বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় চলমান দুর্যোগের অন্যতম সম্মুখযোদ্ধা ব্যাংকারদের জন্য বাংলাদেশ ব্যাংকের ঘোষণাকৃত করোনাভাইরাসজনিত জীবনবিমা পরিকল্পনার সঙ্গে একাত্মতা জানিয়ে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে করোনা সেফটি নেট পরিকল্প।
এই পরিকল্পনার আওতায় দায়িত্ব পালনকালীন করোনাভাইরাসে আক্রান্ত যেকোনো বিমাকৃত ব্যাংক কর্মী পাবেন তাৎক্ষণিক এককালীন ৫ লাখ থেকে ১০ লাখ টাকা।
এ ছাড়া হসপিটালাইজেশন সুবিধা হিসেবে করোনাভাইরাসজনিত চিকিৎসা বাবদ পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে।
করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে ডেথ বেনিফিট হিসেবে একজন বিমাকৃত ব্যাংক কর্মীর পরিবারকে ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা প্রদান করা হবে বলে জানান গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।