ব্যাংকারদের সতর্ক করলেন গভর্নর
ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ ঘোষণা দেন।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে গভর্নর লিখিত বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘ব্যাংকিং খাত জন-আস্থানির্ভর। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণের পরও গণমাধ্যমে এগুলোর নেতিবাচক দিক নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। অথচ ব্যাংকিং সুপারভিশন (তদারকি ও নজরদারি) জোরদার করাসহ বাংলাদেশ ব্যাংক গত পাঁচ বছরে অনেক ভালো কাজ করলেও সেগুলো নিয়ে তারা তেমন লেখে না।’ তিনি বলেন, দু-একটি অনিয়মের ঘটনা সব ভালো কাজকে ম্লান করে দেবে, তা হতে পারে না।
গভর্নর বলেন, ‘তাই আমি আপনাদের সাবধান করে দিতে চাই, এরপর ঋণ-শৃঙ্খলায় কোনো ব্যত্যয় ঘটলে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। আপনাদের অভ্যন্তরীণ নিরীক্ষাপদ্ধতি শক্তিশালী করুন। আপনারা ঋণ দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হোন।’
গভর্নর অনেকবার এমনটি বলেছেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। এ বিষয়ে আসলে কী করণীয় আছে, তা জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, হচ্ছে না বললে ঠিক বলা হবে না। তিনি বলেন, ‘বরং আমি বলব, সরকারি ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ পুরোপুরি নেই। সেখানে সরকার চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেয়। তাঁদের বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের তেমন কিছু করণীয় নেই। তবে বেসরকারি ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের পুরো কর্তৃত্ব রয়েছে। সেখানে যদি কোনো ব্যত্যয় হয়, তার দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের।’
গভর্নর বলেন, ‘গুণমানের ঋণপ্রস্তাব পরিচালনা পর্ষদে পাঠাতে হবে। পর্ষদ অন্যায় চাপ দিলে তা প্রতিহত করার কৌশল অর্জন করতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিতে পারেন।’ তিনি বলেন, ‘আপনারা অনিয়ম করে বসে থাকবেন, আর বাংলাদেশ ব্যাংক পরে গিয়ে সেটা ধরবে, এমন হলে অনিয়মের পুনরাবৃত্তি রোধ হবে না।’
বৈঠকে শিল্প খাতে ঋণের সুদহার কমানোর পরামর্শ দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ সময় ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার, এবিবির সহসভাপতি ও পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সুর চৌধুরী বলেন, চলতি মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৭ শতাংশ ধরা হয়েছিল। মে মাস শেষে তা হয়েছে ১১ দশমিক ৩৯ শতাংশ। তিনি বলেন, ‘আমরা বলেছি, এটা ১৭ শতাংশে নিয়ে আসতে হবে; যাতে উৎপাদন খাত গতি পায়।’
খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে যেসব রিট আবেদন রয়েছে, সেগুলোর মামলা পরিচালনায় সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এস কে সুর চৌধুরী বলেন, অনেক খেলাপি ঋণ আছে, যেগুলোর গ্রাহকেরা রিট আবেদন করে আদায় বন্ধ করে রেখেছেন। আবার এসব গ্রাহককে খেলাপিও বলা যাচ্ছে না। এই মামলাগুলোর স্থগিতাদেশ দ্রুত খারিজের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর।
আলী রেজা ইফতেখার বলেন, কিছু ঋণ গুণগত মান থেকে সরে গেছে। বিশেষ করে একটি নির্দিষ্ট এলাকায় এমনটা হয়েছে। কিছু কিছু লোক, কিছু কিছু গোষ্ঠী যে কাজে ঋণ নিয়েছে, সেই কাজে বিনিয়োগ করেনি। যে কারণে খেলাপি ঋণ বেড়েছে। তিনি বলেন, ‘এ জন্য আমরা বলছি, ঋণ বিতরণে আরও সতর্ক হতে হবে, যাতে খেলাপি ঋণ না বাড়ে।’ উল্লেখ্য, চট্টগ্রামে ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ কিছু ব্যক্তির কাছে কেন্দ্রভূত হয়েছে। এক ব্যবসার নামে এই ঋণ নিয়ে অনেকেই এর অর্থ ভিন্ন ব্যবসায়ে খাটিয়েছে।
আতিউর রহমান তাঁর বক্তব্যে অন্য ব্যাংক থেকে ঋণ কেনার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, সম্প্রতি কোনো কোনো ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ কিনে নিয়েছে। অনেক ক্ষেত্রেই এগুলো খেলাপি বা মেয়াদোত্তীর্ণ। এ ধরনের ঋণ কেনার ঘটনা খুবই উদ্বেগজনক।
কৃষিঋণ নীতিমালা: এবার কৃষিঋণ বিতরণকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা-সম্পর্কিত ক্যামেলস রেটিংয়ের অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।২০১৪-১৫ অর্থবছর থেকে কৃষি ও পল্লীঋণ নীতিমালায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল এই নতুন নীতিমালা ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, সিএএমইএলএস বা ক্যামেলস রেটিংয়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন (সি), সম্পদের গুণগত মান (এ), ব্যবস্থাপনা (এম), উপার্জনক্ষমতা (ই), তারল্য পরিস্থিতি (এল) ও বাজার-ঝুঁকি (এস) পর্যালোচনা করে পাঁচটি পর্যায়ে পৃথক ব্যাংকের আর্থিক অবস্থান চিহ্নিত করা হয়। এগুলো হলো: ‘১’ বা শক্তিশালী, ‘২’ বা সন্তোষজনক, ‘৩’ বা ভালো, ‘৪’ বা প্রান্তিক এবং ‘৫’ বা অসন্তোষজনক। এর ব্যবস্থাপনা অংশে যুক্ত করা হয়েছে কৃষিঋণ বিতরণ।
নতুন এই নীতিমালা ঘোষণা করার সময় ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় যা ৬ দশমিক ৫৪ শতাংশ বেশি।