ব্যাংকিং চ্যানেলে লেনদেন বাড়াতে কঠোরতা আরোপ
দেশের ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে আর্থিক খাতের জন্য নতুন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এ জন্য নগদ লেনদেনের চেয়ে ব্যাংকিং চ্যানেলের লেনদেন বাড়াতে কিছুটা কঠোর অবস্থান নিয়েছেন অর্থমন্ত্রী। নগদ লেনদেন নিরুৎসাহিত করতে কিছু বিধিনিষেধও আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। নতুন অর্থবছর থেকে এসব পদক্ষেপ বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি।ঘোষিত পদক্ষেপের আওতায় ৫০ হাজার টাকার বেশি লেনদেন বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য উদারীকরণ ও প্রযুক্তির উৎকর্ষের সুযোগে ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে কর ফাঁকির সুযোগ বন্ধে আয়কর আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেছেন, কাঁচামাল কেনার ক্ষেত্র বাদে যেকোনো খাতে ৫০ হাজার টাকার বেশি লেনদেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে করতে হবে। ৫০ হাজার টাকার বেশি এককালীন পরিশোধকালে সেটি যদি ব্যাংকের মাধ্যমে করা না হয়, তাহলে তা খরচ বলে বিবেচিত হবে না। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সুদ পাওয়ার ক্ষেত্রে আয়কর শনাক্তকরণ বা টিআইএনধারীরা একটু লাভবান হবেন। এ ক্ষেত্রে যাঁদের টিআইএন নেই, তাঁদের সুদের ওপর অতিরিক্ত উৎসে কর দিতে হবে। মন্ত্রী বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে যেকোনো গ্রাহক হিসেবে সুদ পরিশোধকালে সুদ গ্রহীতার টিআইএন না থাকলে তাঁদের প্রাপ্ত সুদের ওপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। এ ছাড়া কোম্পানি থেকে কোনো ব্যক্তি বা কোম্পানির কাছ থেকে ব্যাংকিং চ্যানেল ভিন্ন অন্য কোনো মাধ্যমে ঋণ গ্রহণ করা হলে তা অনুমোদিত হবে না। এ ছাড়া ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য এক বা একাধিক উৎস থেকে নগদে ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা। ব্যক্তি করদাতারা যদি পাঁচ লাখ টাকার অতিরিক্ত ঋণ বা দান ব্যাংকিং চ্যানেলের বাইরে নগদে গ্রহণ করেন, তাহলে ওই ঋণ বা দানকে করযোগ্য আয় বলে বিবেচনা করা হবে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেছেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতে শৃঙ্খলা আনা এবং লেনেদেনে স্বচ্ছতা বাড়ানো এই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য নগদ লেনদেন নিরুৎসাহিত করা ও ব্যাংকিং চ্যানেলে লেনদেন উৎসাহিত করা জরুরি। তাই আয়কর আইনে কিছু প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। এই বিধান কার্যকর হলে একদিকে নগদ টাকা পরিবহনের ঝুঁকি কমবে, অন্যদিকে আর্থিক খাতের শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে। সেই সঙ্গে রাজস্ব আহরণেও তার সুফল পাওয়া যাবে।’