ব্যাংকিং ব্যবস্থাও বৈষম্য বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের পর ২০১০ সালে দেশের দারিদ্র্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকব্যবস্থায় এখনো দারিদ্র্য তৈরি করছে। শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। দেশের ব্যাংকিং ব্যবস্থাও অর্থনৈতিক বৈষম্য বাড়াতে ভূমিকা রাখছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি বাংলাদেশের উন্নয়নের পথে দুর্নীতিকে প্রধান বাধা বলেও আখ্যায়িত করেছেন। মইনুল ইসলাম বলেন, যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে দেশের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অনায়াসে সাত-আট শতাংশে উন্নীত হবে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত জাতীয় অধ্যাপক আতওয়ার হোসেন স্মারক বক্তৃতায় গতকাল শনিবার বিকেলে মইনুল ইসলাম এসব কথা বলেন। রাজধানীর নিমতলীতে অবস্থিত এশিয়াটিক সোসাইটি কার্যালয়ে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির ট্রাস্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্মারক বক্তব্য’ অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। মইনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রচলতি ব্যাংকব্যবস্থায় সারা দেশ থেকে আমানত সংগ্রহ করা হয়। আর সেই আমানতের বড় একটি অংশই চলে যায় মুষ্টিমেয় ব্যবসায়ীর হাতে। মন্দ ঋণসহ নানাভাবে এসব ব্যবসায়ীরা ব্যাংকিং ব্যবস্থা থেকেই বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। ব্যাংকিং ব্যবস্থা থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নেওয়ার একটি খবর সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে এসেছে। রাজনিতক প্রভাব কাজে লাগিয়ে একশ্রেণীর ব্যবসায়ী ব্যাংকিং ব্যবস্থা থেকে কোটিপতি বনে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।মইনুল ইসলাম বলেন, স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে দেশের ধনী পরিবার বলতে ছিল হাতে গোনা কিছু পরিবার। তাদের মধ্যে কয়েকটি পরিবার ছিল অবাঙালি। আর সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক হিসাব থেকে জানা গেছে, দেশে এখন কোটিপতির সংখ্যা ২৩ হাজারেরও বেশি। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বৈদেশিক ঋণ ও সাহায্যের চিত্র তুলে ধরে বলেন, ‘বৈদেশিক ঋণের ওপর থেকে বাংলাদেশের নির্ভরতা বলতে গেলে একেবারেই কমে গেছে। এখন চাইলেই আমরা আমাদের নিজস্ব অর্থে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছি। হয়তো কাজটি একটু কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। এ জন্য প্রয়োজন শুধু বলিষ্ঠ সিদ্ধান্ত।’ ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণব্যবস্থাকে একটি বিরাট সাফল্য হিসেবে তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, ‘ক্ষুদ্র ঋণব্যবস্থা ইউনূসের অসাধারণ উদ্ভাবন। এই ব্যক্তিটি ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। কিন্তু এ রকম একজন ব্যক্তির সঙ্গে বর্তমানে যা করা হচ্ছে সেসব ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের সবার উচিত ইউনূসকে যথাযথ সম্মান জানানো।’ দেশের উন্নয়নের স্বার্থে প্রকৃত গণতন্ত্র চর্চার প্রয়োজনীয়তা বিষয়টি তুলে ধরার পাশাপাশি তিনি গণতন্ত্রের খোলসে সামরিক শাসনের বিরোধিতা করেন। তিনি বলেন, বর্তমানে দেশে নির্বাচিত সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর স্বৈরশাসন চলছে। এই পদ্ধতির বদলে দরকার প্রকৃত গণণতন্ত্র চর্চা। সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, অনুন্নয়নের বিষয়গুলোকে যথাযথভাবে চিহ্নিত করে সেগুলোর সমাধানে পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রকে অনেক বেশি মনোযোগী হতে হবে। উন্নয়নের বিষয়গুলোকে এগিয়ে নিতে বহুমাত্রিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘মধ্যম আয়ের দেশে পরিণত হতে ও বর্তমান সরকার ঘোষিত ভিশন-২০২১-এর পরিপূর্ণ বাস্তবায়নে দরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা। গণতান্ত্রিক শাসন অব্যাহত থাকলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সমর্থ হব।’