ব্যাংকিং সেবা ছড়িয়ে দিচ্ছে এজেন্টরা

ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাট। নেই কোনো ব্যাংকিং সুবিধা। পল্লী বিদ্যুতের বিল জমা দিতে উপজেলায় ব্যাংকে যেতে হতো সবার। তবে এখন পাল্টে গেছে সে দৃশ্য। হাটেই ব্যাংকিং সুবিধা চালু ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং। হিসাব খোলা, টাকা জমা-উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাচ্ছে হাটেই।
মমিনখার হাটের এজেন্ট মোহাম্মদ আমিনুজ্জামান প্রথম আলোকে বলছিলেন, ‘গ্রামের লোকেরা আগে পল্লী বিদ্যুতের বিল দিতে উপজেলায় যেত। এখন আমিই ৩ হাজার গ্রাহকের বিল জমা নিই। কিছুদিন পর এলাকার লোকদের বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতাও আমার এখান থেকে দেওয়া হবে।’
শুধু ফরিদপুরের মমিনখার হাট নয়, সারা দেশের এক হাজারের বেশি পয়েন্টে সেবা দিচ্ছে বিভিন্ন ব্যাংকের এজেন্টরা। বিভিন্ন জেলার ইউনিয়নে ইউনিয়নে পাওয়া যাচ্ছে সেবা, স্কুলেও বসেছে ব্যাংক। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দেওয়া ভাতাও পাওয়া যাচ্ছে এসব এজেন্ট থেকে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইউনিয়নে সেবা সম্প্রসারণ করছে ব্যাংক এশিয়া ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক।
জানা গেছে, গত ২৪ অক্টোবর পর্যন্ত ৩ লাখ ৬৪ হাজার ২১৯ গ্রাহক এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব খুলেছেন। ১০ ব্যাংকের ৯৬৪ এজেন্ট এ সেবা দিচ্ছে। মাসে গড়ে লেনদেন হচ্ছে ২০০ কোটি টাকার বেশি। আবার এজেন্টদের বড় অংশই তরুণ। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকগুলো শুধু অর্থ জমা ও উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংকিং সেবা চালু করতে এটুআইয়ের সঙ্গে চুক্তি করেছে ব্যাংক এশিয়া ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বসছে এজেন্ট ব্যাংকিং বুথ। যার মাধ্যমে সেবা ছড়িয়ে পড়ছে ইউনিয়নে ইউনিয়নে।
বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাসভিত্তিক ভাতা প্রদানে চুক্তি করেছে ব্যাংক এশিয়া। স্কুল ব্যাংকিং সুবিধা দিতে ব্র্যাকের সঙ্গে চুক্তির আওতায় সাড়ে ৩ হাজার স্কুলে বুথ স্থাপন শুরু করেছে ব্যাংকটি। পোশাককর্মীদের বেতন সহজে পরিশোধে সুইস কনটাক্টের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কৃষকদের ঋণ সুবিধা দিতে ইউএসএইডের সুবিধা দিতে চালু করেছে বিশেষ কার্ড। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের জন্য ৫ জেলায় কাজ শুরু করেছে ব্যাংকটি। ৯ হাজার ১০০ ভাতাভোগীকে সেবা দিতে পেরেছে ব্যাংকটি। সর্বশেষ হিসাবে ব্যাংক এশিয়ার ৫২৬ এজেন্ট হিসাব খুলেছে ৮২ হাজার ৭৬৬ জন।

মুন্সিগঞ্জের শ্রীনগরের বড় মোকাম বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং পরিচালনা করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা তারিকুল ইসলাম খান। কৃষিপণ্য রপ্তানি ব্যবসার বসার সঙ্গে জড়িত তিনি। সঙ্গে ব্যাংকিং ব্যবসার ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েছেন। তাঁর বাবা কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খান। প্রথম আলোকে তিনি বলেন, অন্য সেবার পাশাপাশি কৃষিঋণও দেওয়া হচ্ছে এজেন্ট থেকে। এ ছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সও বিতরণ করা হয়।
এজেন্ট ব্যাংকিং নিয়ে শুরু থেকে কাজ করছেন আরফান আলী। বর্তমানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক তিনি। সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, ‘একজন প্রতিবন্ধী, বৃদ্ধা, দুস্থ যে সরকারি ভাতা পেয়ে থাকেন, তা আমরা এজেন্ট ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। স্কুলশিক্ষার্থীদের ব্যাংকে না এনে স্কুলেই ব্যাংক বুথ বসানোর কাজ করছি। এজেন্ট ব্যাংকিং যে শুধু টাকা জমা ও তোলা নয়, সে ধারণা পাল্টে দিতে কাজ চলছে। এমন সময় আসবে সব লেনদেন হবে হিসাবের মাধ্যমে। ছোট লেনদেনের জন্য একটা “মাইক্রো ব্যাংক” গড়ে তোলায় ইচ্ছা রয়েছে।’
এজেন্ট ব্যাংকিংয়ে সবচেয়ে বেশি এজেন্ট, সাব এজেন্ট ও হিসাবে এগিয়ে আছে ডাচ্-বাংলা ব্যাংক। ৩ নভেম্বরের হিসাব অনুযায়ী, ব্যাংকটির ৩৮৫ এজেন্ট, ৯২৫ সাব এজেন্ট রয়েছে। এ সময়ে গ্রাহক ধরতে পেরেছে ২ লাখ ৮৫ হাজার ৭১৪ জন।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাব এজেন্টরাই মূলত ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যয়বহুল হওয়ায় আমরা শাখা না বাড়িয়ে এজেন্ট ব্যাংকিংকে গুরুত্ব দিচ্ছি। সব সেবা পাওয়ায় গ্রাহকদেরও ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫৪ এজেন্ট ২৪ হাজার ৩৬১ হিসাব ও সোস্যাল ইসলামী ব্যাংকের একজন এজেন্ট ২২৫টি সাব এজেন্টের মাধ্যমে হিসাব খুলেছে ২ হাজার ৩৭৪টি। এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭ এজেন্ট হিসাব খুলেছে ৮৫৫টি, মধুমতি ব্যাংকের ২৩ এজেন্ট হিসাব খুলেছে ১ হাজার ২৮টি, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৩ এজেন্ট ৩৯টি সাব এজেন্টের মাধ্যমে হিসাব খুলেছে ২ হাজার ৯১৩টি, অগ্রণী ব্যাংকের ১ এজেন্ট ৩০টি সাব এজেন্টের মাধ্যমে ৬৮১টি হিসাব খুলেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ এজেন্ট হিসাব খুলেছে ৮০৭টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২ এজেন্ট হিসাব খুলেছে ২১৫টি।
বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি করে। ব্যাংকের পক্ষে সেবা প্রদান করে এমন কার্যক্রমকে এজেন্ট ব্যাংকিং বলা হয়। এ সেবা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে প্রত্যেক এজেন্টের একটি চলতি হিসাব থাকতে হয়। এর মাধ্যমে ছোট অঙ্কের অর্থ জমা ও উত্তোলন করা যায়। প্রবাসীদের পাঠানো আয় স্থানীয় মুদ্রায় বিতরণ, ছোট অঙ্কের ঋণ বিতরণ ও আদায় এবং এককালীন জমার কাজও করতে পারছেন। উপযোগ সেবা বিল পরিশোধের পাশাপাশি সরকারের অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রদান করতে পারছে এজেন্টরা। এ ছাড়া নীতিমালা অনুযায়ী ব্যাংক হিসাব খোলা, ঋণ আবেদন, ডেবিট ও ক্রেডিট কার্ডের নথিপত্র সংগ্রহ করতে পারছে।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ৬১৫ কোটি টাকা লেনদেন হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ে। এ সময়ে লেনদেন হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৩৩ বার।