দেশের ব্যাংক খাতের অনিয়ম ও জাল-জালিয়াতি রোধ করতে তফসিলি ব্যাংকগুলোর পরিদর্শন প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে উপস্থাপনের বা দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো পরিদর্শন প্রতিবেদন সর্বোচ্চ তিন মাসের মধ্যে চূড়ান্ত করে তা উপস্থাপন করা হবে। কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহামঞ্চদ নওশাদ আলী চৌধুরী বাসসকে বলেন, ‘আর্থিক খাতের শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে পরিদর্শন প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যাংকগুলোর অনিয়ম বা ত্রুটি স্বল্পতম সময়ের মধ্যে উদ্ঘাটিত হবে। ফলে যেকোনো অনিয়মের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।’ বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত নিয়ম-কানুন ব্যাংকগুলো ঠিকমতো পরিপালন করছে কি না কিংবা সেখানে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিয়মিত পরিদর্শন করে থাকে। পরিদর্শন শেষে পরিদর্শক দল বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করেন। তবে পরিদর্শন প্রতিবেদন চূড়ান্ত করে তা উপস্থাপন করতে কখনো কখনো ছয় থেকে নয় মাস সময় লেগে যায়।