ব্যাংকে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান কমছে

দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) হ্রাসে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো আমানতের পাশাপাশি ঋণের সুদহারও কমাতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ব্যাংক খাতে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ১ শতাংশীয় পয়েন্ট। আগস্টে এটি ছিল ৫ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট। খবর বাসসের।
তবে এখনো অনেক ব্যাংক সুদহারের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে কম সুদে আমানত সংগ্রহ করে বেশি সুদে ঋণ বিতরণ করছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে কোনো ব্যাংকের স্প্রেড ৫ শতাংশের ওপরে থাকতে পারবে না।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘স্প্রেড কমানোর বিষয়ে ব্যাংকগুলোকে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক ব্যাংক এটি ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে আনতে সক্ষম হয়েছে।’ বাকি ব্যাংকগুলোও দ্রুত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে স্প্রেড কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, শিল্পের মেয়াদি ঋণ এবং চলতি মূলধনের জন্য কোনো কোনো ব্যাংক ২০ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এতে উদ্যোক্তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পণ্য আমদানিতেও খরচ বাড়ছে। ব্যাংকারদের মতে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কম থাকায় ব্যাংকগুলোতে অলস অর্থ পড়ে থাকলেও আমানতকারীদের নিয়মিতভাবে সুদ পরিশোধ করতে হচ্ছে। ফলে ব্যাংকের পরিচালনা ব্যয়ও বেড়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর শেষে ঋণ ও আমানত উভয় ক্ষেত্রেই সুদহার কমিয়েছে ব্যাংকগুলো। ফলে দেশের ৫৭টি ব্যাংকের ঋণের গড় সুদহার কিছুটা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৮ শতাংশ; যা আগের মাস আগস্ট শেষে ছিল ১২ দশমিক ৭৫ শতাংশ। এ সময় আমানতে গড় সুদহারও কিছুটা কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্ট শেষে ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। এতে ব্যাংকিং খাতে গড় স্প্রেড (ঋণ-আমানতের ব্যবধান) দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ১ শতাংশীয় পয়েন্ট।
বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের স্প্রেড সবচেয়ে বেশি। এ ব্যাংকের ঋণ-আমানতের ব্যবধান ১০ দশমিক ৪৩ শতাংশীয় পয়েন্ট। এরপরে ডাচ্-বাংলার ৭ দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট ও ওয়ান ব্যাংকের ঋণ-আমানতের ব্যবধান ৭ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট। বেশির ভাগ বেসরকারি ব্যাংকেরই স্প্রেড ৬ শতাংশীয় পয়েন্টের নিচে, তবে ৫ শতাংশীয় পয়েন্টের ওপরে রয়েছে।
উল্লেখ্য, শতাংশ থেকে শতাংশের মধ্যে কমবেশির তুলনা করতে শতাংশীয় পয়েন্ট ব্যবহার করা হয়। যেমন ৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশ হলে এটি ২ শতাংশীয় পয়েন্ট কমল বলে বিবেচিত হবে।
বিদেশি মালিকানার ব্যাংকগুলোর ঋণ-আমানতের ব্যবধান সবচেয়ে বেশি। এসব ব্যাংকের গড় স্প্রেড ৮ দশমিক ০৪ শতাংশীয় পয়েন্টে দাঁড়িয়েছে। এ ব্যাংকগুলোর আমানতের সুদহার কমে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ঋণের সুদহার কিছুটা কমে ১১ দশমিক ৮৯ শতাংশে রয়েছে।