ব্যাংকে একক পরিবারের পরিচালক নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩) অনুসারে ব্যাংকে একক পরিবারের পরিচালকের সংখ্যা সর্বোচ্চ দুজনে নামিয়ে আনতে ৩০ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছে তিনটি ব্যাংক। এ ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল, দি সিটি ও প্রিমিয়ার ব্যাংক।
জাতীয় সংসদে ২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের পর বাংলাদেশ ব্যাংক এক বছর সময় দিয়েছিল ব্যাংকে একক পরিবারের পরিচালকের সংখ্যা দুজনে নামিয়ে আনতে। সে অনুসারে ২২ জুলাই সময় শেষ হয়। কিন্তু এ সময়ের মধ্যে চারটি ব্যাংক তাদের পরিচালনা পর্ষদে একক পরিবারের পরিচালকের সংখ্যা দুজনে নামিয়ে আনেনি। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকে একক পরিবারের পরিচালকের সংখ্যা দুজনে নামিয়ে আনতে ১২ অক্টোবর সাত দিনের সময় বেঁধে দিয়ে চিঠি পাঠায়।
এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চিঠি পাওয়ার পরই ওই দিনই ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম) তাঁর পরিবারের তিনজন পরিচালক থেকে দুজনে নামিয়ে আনেন।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশ পালনের জন্য প্রিমিয়ার ব্যাংক তিন মাস, সিটি ব্যাংক দেড় মাস ও ন্যাশনাল ব্যাংক এক মাস সময় চেয়ে আবেদন করে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার এ তিন ব্যাংকের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
উল্লেখ্য, সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যাংকের পর্ষদে একই সময়ে একই পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক থাকার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকে দুই পরিবার থেকে নয়জন, ন্যাশনাল ব্যাংকে এক পরিবারের পাঁচজন ও প্রিমিয়ার ব্যাংকে চারজন পরিচালক রয়েছেন।