ব্যাংকে কেলেঙ্কারি রোধে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিল এমসিসিআই
সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য কিছু পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।ব্যবসায়ী সংগঠনটি অসৎ ব্যাংকার ও স্বার্থান্বেষী ব্যবসায়ীদের অনিয়ম-দুর্নীতি উদ্ঘাটন ও খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণেরও তাগিদ দিয়েছে। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় এমসিসিআই গতকাল বুধবার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকারদের অসততা ও ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৈথিল্যের কারণে ২০০৮-০৯ সালে বিশ্ব অর্থনীতিতে সংকট সৃষ্টি করেছিল, যা উন্নত বিশ্বের অনেক ব্যাংককে বন্ধ হয়ে যাওয়ার পথে ঠেলে দিয়েছিল। তা থেকে আমাদের ব্যাংকগুলোর শিক্ষা নেওয়া উচিত।ব্যবসায়ী সংগঠনটি বলেছে, শাখা ব্যবস্থাপনাকে অভ্যন্তরীণ নিরীক্ষকেরা অনিয়মের তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকও সতর্ক করেছে।তা সত্ত্বেও ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রশাসনের উচ্চপর্যায়কে না জানিয়ে বিধিবহির্ভূতভাবে এত বড় অঙ্কের ঋণ দেওয়ার ঘটনায় ব্যাংক খাতে তদারক কার্যক্রমে নিয়োজিত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অদক্ষতাই প্রমাণিত হয়।এমসিসিআই মনে করে, ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংককে অবাধে ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।