ব্যাংকে খেলাপি ঋণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতে গত এক বছরে খেলাপি ঋণ খানিকটা কমে এসেছে। শতকরা হার ও পরিমাণগত দিক উভয় ক্ষেত্রেই এই অগ্রগতির তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রস্তুতকৃত ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদনের সঙ্গে আগের বছরের একই সময়ের তুলনায় এ হিসাব মিলেছে।প্রতিবেদন অনুসারে, দেশে খেলাপি ঋণের পরিমাণ ২০১১ সালের ডিসেম্বরের শেষে হয়েছে ২২ হাজার ৬৪৪ কোটি ১৬ লাখ টাকা। এটি এই সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের স্থিতি তিন লাখ ৬৯ হাজার ৯০১ কোটি ১১ লাখ টাকার ৬ দশমিক ১২ শতাংশ।আর এক বছর আগে অর্থাৎ ২০১০ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৭০৯ কোটি ৪৮ লাখ টাকা, যা কি না সে সময় পর্যন্ত বিতরণ করা তিন লাখ ১২ হাজার ২০৯ কোটি ২৯ লাখ টাকার ৬ দশমিক ২৭ শতাংশ।এ হিসাবে এক বছরে খেলাপি ঋণ কমেছে ৬৫ কোটি ৩২ টাকা। অন্যদিকে খেলাপি ঋণের হার কমেছে ১ দশমিক ১৫ শতাংশীয় পয়েন্ট।তবে বর্তমানে নিট হিসাবে খেলাপি ঋণ রয়েছে দুই হাজার ৪৫৯ কোটি ৪৭ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের দশমিক ৭০ শতাংশ। ২০১০ সাল শেষে নিট হিসাবে খেলাপি ঋণ ছিল তিন হাজার ৭৫৬ কোটি ৩২ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ২৮ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংক মনে করে, মোট খেলাপি ঋণ থেকে সংরক্ষিত প্রভিশন (ঋণের নিরাপত্তা সঞ্চিতি) ও স্থগিত সুদ (যা খেলাপিদের হিসাবে যুক্ত আছে) বাদ দেওয়ার পর প্রাপ্ত নিট অঙ্কই প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ।২০১১ সাল শেষে ব্যাংক খাতে সংরক্ষিত প্রভিশন বা সঞ্চিতি দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১ কোটি ৮১ লাখ টাকা। আর স্থগিত সুদের পরিমাণ চার হাজার ৯১২ কোটি ৮৮ লাখ টাকা। এ দুই নিয়ে মোট ২০ হাজার ১৮৪ কোটি ৬৯ লাখ টাকা বাংলাদেশ ব্যাংক মোট হিসাব থেকে বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব কষেছে।প্রসঙ্গত, বিধি অনুযায়ী স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণ ছাড়া বাকি বিভিন্ন ধরনের ঋণের ক্ষেত্রে অশ্রেণীকৃত ঋণে ১ শতাংশ হারে, নিম্নমান ঋণে ২০ শতাংশ হারে, সন্দেহজনক পর্যায়ের ঋণে ৫০ শতাংশ হারে এবং মন্দ পর্যায়ের শ্রেণীকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১০০ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়।এ ছাড়া স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অশ্রেণীকৃত, নিম্নমান ও সন্দেহজনক ঋণে ৫ শতাংশ এবং মন্দ পর্যায়ের ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখার বিধান আছে।আবার স্পেশাল মেনশন অ্যাকাউন্টে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস পরে ৫ শতাংশ হারে, ভোগ্যপণ্যেও ৫ শতাংশ হারে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে ২ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়।অন্যদিকে কোনো ঋণ নিম্নমান পর্যায়ে পৌঁছালে তার বিপরীতে সুদকে আর আয় খাতে দেখানো যায় না। কিন্তু খেলাপি গ্রাহকের মোট ঋণ হিসাব করতে গেলে এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) পাঠানোর সময় এই স্থগিত সুদ যুক্ত করা হয়।বাংলাদেশ ব্যাংকের মত হলো, যেহেতু প্রভিশন সংরক্ষণ করা হয় এবং স্থগিত সুদ ব্যাংকের আয় হিসাবে নেওয়া হয়নি, তাই এ দুটি হিসাব বাদ দিয়েই খেলাপি ঋণের প্রকৃত হিসাব করা যুক্তিযুক্ত।২০১১ সালের খেলাপি ঋণের হিসাবে গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে তা হলো, সামগ্রিক ব্যাংক খাতে কোনো সঞ্চিতি ঘাটতি নেই, বরং অতিরিক্ত সঞ্চিতির পরিমাণ রয়েছে ৪৫৫ কোটি ৬৬ লাখ টাকা। এর পরিমাণ আরও বেশি হতো, যদি কৃষি ব্যাংকের এককভাবে সঞ্চিতি ঘাটতি ৮৩৩ কোটি ৭৬ টাকা না হতো। কৃষি ব্যাংক বাদে কমার্স ব্যাংকের সঞ্চিতি ঘাটতি রয়েছে ২২ কোটি সাত লাখ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে ১৩ কোটি ৫৮ লাখ। এর আগে ২০১০ সাল শেষে ব্যাংক খাতে ৬৮৮ কোটি ৯২ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি ছিল। যার মধ্যে কেবল আইসিবি ইসলামী ব্যাংকের ঘাটতি ছিল ৩০৩ কোটি টাকা ও কৃষি ব্যাংকের ৬০৮ কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন তথ্যে আরও দেখা যায়, গত এক বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটোই কমেছে। অন্যদিকে বেসরকারি, বিদেশি এবং বিশেষায়িত ব্যাংকে সামগ্রিকভাবে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। আর হার বিবেচনায় বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমলেও বেড়েছে বিশেষায়িত ব্যাংকগুলোতে।গত ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ১৭০ কোটি ৭৫ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ৮১ হাজার ৪০৫ কোটি ৩৭ লাখ টাকার ঋণের ১১ দশমিক ২৭ শতাংশ। বেসরকারি ৩০ ব্যাংকে ২০১১ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে সাত হাজার ২০২ কোটি ১২ লাখ টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা দুই লাখ ৪৪ হাজার ৩৩৫ কোটি ৬৭ লাখ টাকা ঋণের ২ দশমিক ৯৫ শতাংশ। রাষ্ট্রীয় খাতের পাঁচ বিশেষায়িত ব্যাংকে গত বছর শেষে খেলাপি ঋণ হয়েছে পাঁচ হাজার ৬৪৫ কোটি ২৭ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ২২ হাজার ৯৯৪ কোটি আট লাখ টাকা ঋণের ২৪ দশমিক ৫৫ শতাংশ।বিদেশি নয়টি ব্যাংকে ২০১১ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৬২৬ কোটি দুই লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ২১ হাজার ১৬৫ কোটি ৯৯ লাখ টাকা ঋণের ২ দশমিক ৯৬ শতাংশ।