ব্যাংকে গোষ্ঠী-গ্রাহক স্পষ্ট হলো

কোনো ব্যাংকে এককভাবে সর্বোচ্চ গ্রাহকের ঋণসীমা অপরিবর্তিত রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে করে আগে স্পষ্ট না থাকায় ফাঁকফোকর গলিয়ে বিভিন্ন সুযোগ নেওয়া এখন বন্ধ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
বিশেষত গ্রুপ বা শিল্পগোষ্ঠীর বিষয়টি এ দফায় পরিষ্কার করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অন্তত দুই ভাবে গোষ্ঠীর বিষয়টি সংজ্ঞায়িত করা হয়েছে। কার্যক্রম পরিচালনা বা নিয়ন্ত্রণগত প্রভাবের দিক থেকে এবং আর্থিক নির্ভরশীলতার দিক থেকে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ-সম্পর্কিত নির্দেশনা গতকাল বৃহস্পতিবার দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সর্বশেষ ২০১৩ সালের সংশোধনী ধরে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা তৈরি করেছে। আইনের ২৬(খ) ধারা অনুযায়ী ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে একক ঋণগ্রহীতার সীমার ক্ষেত্রে কিছু নতুন সিদ্ধান্ত ও গোষ্ঠীর এই সংজ্ঞা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৫০ শতাংশ বা তার বেশি হলে সেই কোম্পানি কোনো গ্রুপের অংশ হিসেবে বিবেচিত হবে না।
কোনো কোম্পানিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২০ শতাংশের বেশি কিন্তু ৫০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ বা ভোটাধিকার থাকলে উভয় সত্তার ক্ষেত্রে প্রভাব বিবেচনাতে একই গ্রুপ বিবেচিত হবে। আর একটি গ্রুপ বা কোনো একক ব্যক্তি ফান্ডেড ও নন-ফান্ডেড (এলসিজাতীয়) দায় বাবদ ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অর্থায়ন পাবে। তবে ফান্ডেড দায় কোনো অবস্থায় মূলধনের ১৫ শতাংশের বেশি হতে পারবে না।
আবার কোনো কোম্পানির মোট আয় বা ব্যয়ের ৫০ ভাগ বা তার বেশি যদি একক কোম্পানির সঙ্গে হয়, তাহলে উভয় সত্তাকে গোষ্ঠী বা গ্রুপ বিবেচনা করতে পারে। সে ক্ষেত্রেও উভয় কোম্পানিতে দেওয়া ঋণসীমা একক সর্বোচ্চ গ্রাহকের আওতাভুক্ত হবে।
এ ছাড়া রপ্তানি খাতে অর্থায়নের ক্ষেত্রে কোনো এক সময়ে ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ মূলধনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রেও ফান্ডেড দায় মূলধনের ১৫ শতাংশের বেশি হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে একক গ্রাহক ঋণসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। এখানে ফান্ডেড দায় বলতে ঋণগ্রহীতাকে দেওয়া তহবিল এবং নন-ফান্ডেড দায় বলতে ঋণপত্র, গ্যারান্টি, স্বীকৃতি বা কমিটমেন্টের মাধ্যমে তহবিল সহায়তাকে বোঝানো হয়েছে।
বিধান অনুসারে, কোনো ব্যক্তি বা গ্রুপকে মূলধনের ১০ শতাংশের সমান বা তার বেশি অর্থায়ন করা হলে তাকে বৃহৎ ঋণ হিসেবে গণ্য করা হবে। ব্যাংকের নিট শ্রেণীকৃত ঋণের হারের ওপর ভিত্তি করে বৃহৎ ঋণ অনুমোদন করতে হবে। এ ক্ষেত্রে শ্রেণীকৃত ঋণ ৫ শতাংশ হলে ৫৬ শতাংশ পর্যন্ত বৃহৎ ঋণ, ৫-১০ শতাংশ হলে ৫২ শতাংশ, ১০-১৫ শতাংশ হলে ৪৮ শতাংশ, ১৫-২০ শতাংশ হলে ৪৪ শতাংশ এবং ২০ শতাংশের বেশি শ্রেণীকৃত ঋণ হলে ৪০ শতাংশ পর্যন্ত বৃহৎ ঋণের অনুমোদন দেওয়া যাবে। বৃহৎ ঋণ হিসেবে ফান্ডেড দায়ের শতভাগ এবং নন-ফান্ডেড দায়ের ৫০ শতাংশ অন্তর্ভুক্ত হবে।
তবে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি, যার ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার বিক্রি করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে একক এন্টারপ্রাইজ হিসেবে বিবেচনা করা যাবে না। একইভাবে সরকারি কোনো প্রতিষ্ঠান, সরকারের গ্যারান্টিপ্রাপ্ত ও বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলোর গ্যারান্টিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান এবং সরকারি বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোকে ঋণসুবিধা প্রদানের ক্ষেত্রে বৃহৎ ঋণের প্রদত্ত হিসেবে বিবেচিত হবে না।