ব্যাংকে ঘন ঘন পর্ষদ সভার ওপর বিধিনিষেধ আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে ঘন ঘন পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের নির্বাহী কমিটির সদস্যসংখ্যা সীমিত করতেও নির্দেশ দিয়েছে।বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার নতুন করে ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং প্রধান নির্বাহীর দায়দায়িত্ব ও জবাবদিহি-সম্পর্কিত বিধিনিষেধ জারি করে। এ সম্পর্কিত আগের দুটি সার্কুলারও কেন্দ্রীয় ব্যাংক বাতিল করেছে।ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এসব বিধিনিষেধ আরোপ করেছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। সার্কুলারটি ব্যাংকের পর্ষদ ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।এর আগে বাংলাদেশ ব্যাংক ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ২০০৩ সালের ২৪ জুলাই বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং প্রধান নির্বাহীর দায়দায়িত্ব ও জবাবদিহি-সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করে দুটি পৃথক সার্কুলার জারি করে।রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো কোম্পানিতে রূপান্তরিত হওয়ায় এবং ব্যাংকিং খাতে অধিকতর সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংক নতুনভাবে এই নির্দেশ দিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষপর্যায় থেকে বলা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এর কোনো অংশ বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সংশ্লিষ্ট আইনের বিধান প্রাধান্য পাবে।নির্দেশে বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা সাধারণভাবে প্রতি মাসে একটি অনুষ্ঠিত হতে পারে। তবে তিন মাসে অন্তত একবার পর্ষদের সভা হতে হবে।অন্যদিকে নির্বাহী কমিটির সদস্যসংখ্যা পর্ষদের মোট সদস্যের এক-তৃতীয়াংশের বেশি হতে পারবে না। এ ক্ষেত্রে যেসব ব্যাংকের পর্ষদের নির্বাহী কমিটির সদস্যসংখ্যা এর চেয়ে বেশি, তাদের এক মাসের মধ্যে এক-তৃতীয়াংশে নামিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবার পরিচালক হিসেবে সুষ্ঠুভাবে ব্যাংকে দায়িত্ব পালনের জন্য পরিচালকদের ব্যাংকিং আইন, সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান এবং পরিচালকদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে সম্যক ধারণা থাকার কথা সার্কুলারে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, কোনো কোনো বেসরকারি ব্যাংকে মাসে ১০ থেকে ১২টা পর্যন্ত পর্ষদ বৈঠক হয়। আবার কোনো ব্যাংকে পর্ষদে নির্বাহী কমিটিতে সদস্যসংখ্যা অনেক। এর ফলে ব্যাংকের অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পায়। উল্লেখ্য, বেসরকারি ব্যাংকের জন্য ইতিপূর্বে জারি করা সার্কুলারে যেসব নির্দেশনা ছিল, তার প্রায় সবই নতুন নির্দেশনায় রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কোনো পরিচালক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের কোনো ঋণ প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রভাবিত বা হস্তক্ষেপ করতে পারবেন না। প্রধান নির্বাহী ব্যাংকের দৈনন্দিন কাজ সম্পাদনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান যথাযথভাবে পালন করে ব্যাংক পরিচালনা করবেন।