ব্যাংকে জালিয়াতি বন্ধে তদারকি বাড়ানোর নির্দেশ দিলেন গভর্নর
ব্যাংকিং খাতের জালিয়াতি বন্ধ করতে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, আর্থিক খাতে প্রতারণামূলক কর্মকাণ্ড অনভিপ্রেত। এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত বার্ষিক সম্মেলনে গর্ভনর গতকাল শনিবার এসব কথা বলেন। এ সময় গভর্নর বলেন, অনিয়ম করে কেউ যেন পার না পায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, নাজনীন সুলতানা প্রমুখ। সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুজন তদারক বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, সম্মেলনে হলমার্ক কেলেঙ্কারির প্রসঙ্গটি বিশেষভাবে আলোচিত হয়। এ নিয়ে আতিউর রহমান বলেন, সোনালী ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনাটি ব্যাংকিং খাতের ওপর সাময়িকভাবে বিরূপ ছায়া ফেলছে। তবে এতে করে সোনালী ব্যাংক বা সামগ্রিক ব্যাংকিং খাতের কার্যক্রম বিঘ্ন্নিত হয়নি। ব্যাংকটির প্রতি গ্রাহকেরা আস্থাও হারাননি। গভর্নর বলেন, ‘ঘটনাটি ব্যাংকগুলোর নিজস্ব নিরীক্ষা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চিহ্নিত অনিয়মগুলো নিরসনের ফলোআপ জোরদার ও কার্যকর করার আবশ্যিকতা দেখা দিয়েছে। একই সঙ্গে ব্যাংকের পক্ষ থেকে উপযুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে শাখা পর্যায়ের নিরীক্ষার প্রশ্নটি আলোচনায় আসছে।’আতিউর বলেন, ২০১০ সালে সোনালী ব্যাংকের একটি ছোট শাখায় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে তুলনামূলক ছোট অঙ্কের ঋণ-অনিয়ম চিহ্নিত হয়। কিন্তু বিষয়টি নিরসন না হওয়ায় চলতি বছর তা বড় আকার ধারণ করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের তদারকির দক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পর্ষদ সদস্যরা এই বলে বিস্ময় প্রকাশ করেন যে, এত বড় ঘটনাটি কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে বা নজরদারিতে আগে থেকে ধরা পড়ল না। সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুরো তদারকি ও নজরদারিব্যবস্থা পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা যাচাই করার তাগিদ দেওয়া হয়।