ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ চালু করতে হবে

ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রতিটি ব্যাংককে আলাদা ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ চালু করতে হবে। পাশাপাশি ওই বিভাগের অধীনে দক্ষ জনবল নিয়োগসহ ঝুঁকি কমাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত বুধবার এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকের শীর্ষ ২০ গ্রাহকের কাছে কেন্দ্রীভূত ঋণের পরিমাণ, শীর্ষ ১০ গ্রাহকের কাছ থেকে তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা, বার্ষিক ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি, সংবেদনশীল সম্পদ ও দায়ের মধ্যকার ব্যবধান, পরিচালনা ঝুঁকির ফলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ইত্যাদি বিবেচনায় ব্যাংকগুলোকে বার্ষিক ঝুঁকি গ্রহণের সীমা নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংককে বছর শেষে এসব তথ্য জানাতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকগুলোকে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ খোলার পাশাপাশি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)/উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পর্যায়ের একজন কর্মকর্তাকে প্রধান ঝুঁকি কর্মকর্তা বা চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি ওই সিআরওকে প্রধান করে গঠন করতে হবে একটি ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। কমিটি যেসব উচ্চ ঝুঁকির বিষয় চিহ্নিত করবে, সেসব বিষয় সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে পরিচালনা পর্ষদের সদস্যদের সমন্বয়ে গঠিত ঝুঁকি কমিটিকে অবহিত করবে। এ ছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে নির্ধারিত পদমর্যাদার একজন কর্মকর্তাকে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যেসব ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশনা পালন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে না, সেসব ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পুনঃ অর্থায়ন সুবিধা পাবে চামড়া ও চামড়াজাত শিল্প: প্রস্তুত চামড়া, চামড়া পণ্য ও পাদুকা রপ্তানিকারক সমিতির সদস্যভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোও এখন থেকে স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের ঋণসুবিধা পাবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্প খাতে স্বল্প সুদে ঋণ সহায়তা দিতে গঠিত পুনঃ অর্থায়ন তহবিল থেকে এ সুবিধা দেওয়া হবে।