ব্যাংকে টাকা তোলার চাপ ছিল দিনভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে গতকালই ছিল শেষ কার্য দিবস। আর তাই ব্যাংকগুলোতে টাকা তোলার ও জমা দেওয়ার জন প্রচণ্ড ভিড় ছিল দিনভর। রাজধানীর ঢাকার বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকেরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টাকা তোলেন ও জমা দেন। নগদ অর্থের বাড়তি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সাড়ে ১৬ হাজার কোটি টাকার তারল্য সমর্থন দিয়েছে। এর ফলে আন্তব্যাংক মুদ্রা বাজারে সুদের বা কলমানি হার বেশ সহনীয় ছিল। আগের দিনের মতোই সর্বোচ্চ ১৬ শতাংশ সুদে কলমানি লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০৭ কোটি ৫০ লাখ টাকা। জাতীয় শোক দিবস, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটির কবলে পড়ছে ব্যাংকিং খাত। আজ ১৫ আগস্ট বুধবার থেকে ২১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ছুটি থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে বন্ধের মধ্যে বিশেষ ব্যবস্থায় দুই দিন (১৬ ও ১৮ আগস্ট) ব্যাংকের সীমিত কিছু শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে।