অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক নিয়ে এমসিসিআইয়ের পর্যালোচনা
ব্যাংকে ডলারের দাম কম, প্রবাসী আয় আসছেও কম
আনুষ্ঠানিক বিনিময় হারের তুলনায় খোলা বাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বেশি। এ কারণে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানো নিরুৎসাহিত হচ্ছে বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
ব্যবসায়ীদের প্রভাবশালী এই সংগঠন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনায় বলেছে, যখন খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ৮২ টাকায় উঠেছিল, তখন ব্যাংকে তা ৭৮ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। দুই ক্ষেত্রে বিনিময় হারের বড় পার্থক্যের কারণে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর বিষয়ে উদাসীন।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশের অর্থনীতি নিয়ে দেশের অর্থনীতি নিয়ে এমসিসিআইয়ের এ পর্যালোচনাটি গতকাল বুধবার প্রকাশ করা হয়। প্রতি তিন মাস পরপর এ ধরনের পর্যালোচনা প্রকাশ করে সংগঠনটি। এবারের পর্যালোচনায় বলা হয়েছে, আলোচ্য প্রান্তিকে দেশের অর্থনৈতিক অবস্থা ইতিবাচক ছিল। প্রধান সূচকগুলো স্থিতিশীলভাবে এগিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল, বিনিময় হার স্থিতিশীল ছিল, বৈদেশিক মুদ্রার মজুত বেড়েছে এবং তা একটি স্বস্তিকর অবস্থানে আছে।
এমসিসিআই মনে করে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এতে আমদানি-রপ্তানি ও প্রবাসী আয় বাড়বে। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) আমদানিবাবদ দায় পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার মজুত কিছুটা কমবে। এ ছাড়া বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করে এমসিসিআই।
সংগঠনটির পর্যালোচনায় প্রবাসী আয় সম্পর্কে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬২ শতাংশ কমেছে। যদিও বাংলাদেশি শ্রমিকদের বিদেশে যাওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ৩ লাখ ৮০ হাজার বাংলাদেশি বিদেশে কাজের খোঁজে গেছেন, যা আগের ছয় মাসের তুলনায় ১০ হাজার বেশি। পর্যালোচনায় প্রবাসী আয় বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগগুলো উল্লেখ করা হয়।
সুদের হার নিয়ে এমসিসিআইয়ের পর্যালোচনায় বলা হয়, চলতি অর্থবছরে দেশে প্রথমবারের মতো গড় সুদের হার দুই অঙ্কের নিচে নেমেছে। নভেম্বরে সুদের গড় হার ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছিল। একইভাবে আমানতের সুদের হারও কমে ৫ দশমিক ২৯ শতাংশ হয়েছিল। ব্যাংকে যে বিপুল পরিমাণ তরল অর্থ রয়েছে তাও উল্লেখ করা হয় পর্যালোচনায়। এতে বলা হয়, নভেম্বর পর্যন্ত ব্যাংকের তারল্য আগের মাসের তুলনায় ৬ শতাংশ বেড়ে ২ লাখ ৭৭ হাজার ৯৫৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সম্প্রতি চাঙা হওয়া পুঁজিবাজারও এমসিসিআইয়ের পর্যালোচনায় উঠে আসে। এতে বলা হয়, ২০১৬ সালে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় ৭ গুণ বেড়েছে। অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের শেয়ারবাজারকে উদীয়মান বাজার হিসেবে গণ্য করেন। এ কারণে তাঁরা আরও বিনিয়োগ করছেন। ২০১৬ সালে পুঁজিবাজারে বিনিয়োগ ১ হাজার ৩৪১ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা ২০১৫ সালে ১৮৬ কোটি টাকা ছিল। দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকের ইতিবাচক অবস্থা ও স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে বলে মনে করে এমসিসিআই।
সাধারণভাবে অর্থনীতি নিয়ে এমসিসিআই বলেছে, ২০২১ সাল নাগাদ অর্থনৈতিক লক্ষ্য পূরণের জন্য সরকারকে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার বাড়াতে হবে, রপ্তানিতে গতি আনতে হবে, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। প্রবৃদ্ধির হার বাড়াতে দরকার সড়ক ও রেলপথের উন্নয়ন, বন্দর সুবিধা বাড়ানো, গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়ানো এবং অন্যান্য অবকাঠামো সংকট দূর করা। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও দক্ষ শ্রমশক্তির অভাবের মতো বাধাগুলোও দূর করা দরকার বলে মনে করে এমসিসিআই।
চলতি অর্থবছর আগের বছরের চেয়ে ভালো জিডিপির প্রবৃদ্ধি অর্জনের অনেক সুযোগ আছে বলেও উল্লেখ করা হয় এমসিসিআইয়ের পর্যালোচনায়।