ব্যাংকে দুর্নীতি হলে শাস্তি অনিবার্য: আতিউর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘কারও দুর্নীতির কারণে কোনো ব্যাংকের সুনাম নষ্ট হতে দেওয়া হবে না। দুর্নীতির অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি তাঁকে পেতে হবে।’
গতকাল রোববার সকালে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে ‘ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ব্যাংকারগণের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার মহাব্যবস্থাপক সুলতান আহমদ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সিলেট অঞ্চলে ক্ষুদ্রঋণ প্রবাহের গতি নিয়ে সন্তুষ্ট নন বলে জানান। ঋণের এ গতিকে তিনি মন্থর অভিহিত করে সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত জনসাধারণের কল্যাণে ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিডিএফের নির্বাহী পরিচালক এম এ আওয়াল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি এম এ ইউসুফ খান, উত্তরা ব্যাংকের ডিএমডি মোশাররফ হোসেন, বেসিক ব্যাংকের ডিএমডি কনক রায় পুরকায়স্থ, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, সোনালী ব্যাংকের ডিএমডি দিলওয়ার হোসেন।