ব্যাংকে দুর্নীতি হলে শাস্তি অনিবার্য: আতিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘কারও দুর্নীতির কারণে কোনো ব্যাংকের সুনাম নষ্ট হতে দেওয়া হবে না। দুর্নীতির অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি তাঁকে পেতে হবে।’ গতকাল রোববার সকালে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে ‘ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ব্যাংকারগণের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার মহাব্যবস্থাপক সুলতান আহমদ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সিলেট অঞ্চলে ক্ষুদ্রঋণ প্রবাহের গতি নিয়ে সন্তুষ্ট নন বলে জানান। ঋণের এ গতিকে তিনি মন্থর অভিহিত করে সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত জনসাধারণের কল্যাণে ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিডিএফের নির্বাহী পরিচালক এম এ আওয়াল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি এম এ ইউসুফ খান, উত্তরা ব্যাংকের ডিএমডি মোশাররফ হোসেন, বেসিক ব্যাংকের ডিএমডি কনক রায় পুরকায়স্থ, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, সোনালী ব্যাংকের ডিএমডি দিলওয়ার হোসেন।