ব্যাংকে প্রতারণার ঘটনায় শিল্প খাতে ঝুঁকি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা প্রতারক ও জালিয়াতদের কাছ থেকে ক্রমেই হুমকির সম্মুখীন হচ্ছেন। সাম্প্রতিক সময়ে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতারণার ঘটনা দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঝাঁকুনি দিয়েছে। প্রকৃত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যাংক থেকে অর্থায়ন ঝুঁকির মুখে পড়েছে। এ রকম অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণপত্র খোলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। এর প্রভাবে আমদানি কমেছে। যদি এ ধারা অব্যাহত থাকে, তাহলে শিল্পের ভিত্তি ঝুঁকির মধ্যে পড়বে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘বাংলাদেশে ব্যবসায় প্রতারণা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে গতকাল বুধবার এসব কথা বলা হয়। এতে সভাপতির ভাষণে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান আরও বলেন, সাম্প্রতিককালে ব্যাংকিং প্রতারণাগুলো মূলত কিছু ব্যাংক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে তথাকথিত কিছু কোম্পানির জালিয়াতি। আইসিসিবির সভাপতি বাংলাদেশ ব্যাংককে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দিয়ে বেসরকারি ব্যাংকগুলোর মতো রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর কার্যকলাপ তদারকি নিশ্চিত করার তাগিদ দেন। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কার্যক্রম পরিচালনায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের হস্তক্ষেপ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকসমূহের আধুনিক জালিয়াতি শনাক্তকরণের পদ্ধতি উদ্ভাবন করা দরকার বলে তিনি মনে করেন। সেমিনারে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহককে অর্থের বিনিময়ে সেবা দিতে গিয়ে কখনো কখনো কিছু ব্যাংক নিয়মনীতি ভেঙে বাড়তি ঝুঁকি নিয়ে থাকে। এটি ব্যাংক খাতের জন্য ক্ষতিকর।তৌফিক চৌধুরী আরও বলেন, চলমান মন্দার প্রভাবে ব্যাংকের ঋণপত্র বা দলিলাদি (ডকুমেন্ট) বাতিলের হার বেড়েছে। এর প্রভাব দ্রব্যমূল্যের ওপর পড়েছে। কিন্তু অর্থ পরিশোধ বিলম্বিত করা অথবা আমদানি-রপ্তানিকারককে অস্বস্তিতে ফেলার জন্য দলিলাদি বাতিল করা ইউসিপির মূলমন্ত্রের সঙ্গে যায় না। বাংলাদেশেও ব্যাংকগুলো কখনো কখনো শুধু প্রত্যাখ্যানের জন্য প্রত্যাখ্যান করে এবং বাড়তি মাশুল আদায় করে। এগুলোও ইউসিপির নীতির স্পষ্ট লঙ্ঘন। ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, উচ্চ সুদের হার, জ্বালানিসংকট, রাজপথের আন্দোলন এবং উপর্যুপরি হরতাল সত্ত্বেও দেশে স্থির প্রবৃদ্ধি বিরাজ করছে। এটা একমাত্র সম্ভব হয়েছে বেসরকারি খাতের জন্য, যারা প্রবৃদ্ধির চালিকা হওয়ার কৃতিত্ব দাবি করতে পারে। আসিফ ইব্রাহিম ব্যাংক খাতের পুরোনো দিনের নীতি বদলানোর এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেন। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেইন বলেন, ব্যাংক খাতে প্রতারণা এ দেশে নতুন নয়। তবে আগে যেখানে বড়জোর চার থেকে পাঁচটি ব্যাংক হিসাবে হতো, এখন তা ৩০ থেকে ৬০টি হিসাবে হয়। এটা থেকে অনুমান করা যায়, ব্যাংকগুলোর ঋণের একটা বড় অংশ প্রতারকদের হাতে চলে যায়; যা শিল্পের জন্য বিপদসংকেত।সেমিনারে ২৭টি ব্যাংক থেকে ৯৪ জন ব্যাংকার অংশ নেন।