
আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মূলধন ঘাটতি পোষাতে যে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তা দিয়ে দেশের ৫ লাখ হতদরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসা সম্ভব।
এ হিসাব তুলে ধরে বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক আবদুল বায়েস বলেছেন, রাষ্ট্রের রুগ্ণ ব্যাংক অথবা শিল্পকে এভাবে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না। এতে অদক্ষতাকে পুরস্কৃত করা হয়। তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত দরিদ্র মানুষকে সহায়তা করা, যারা ভালো করতে পারে না, তাদের নয়।’
ব্র্যাক ও ইনস্টিটিউট ফর ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় আবদুল বায়েস এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বাজেট নিয়ে মোটা দাগে তিনটি পর্যবেক্ষণ তুলে ধরেন। প্রথমত, এ বাজেটের আয়ের উৎস মধ্যবিত্তনির্ভর। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর চাপ বাড়বে। দ্বিতীয়ত, প্রস্তাবিত বাজেটে শিক্ষায় বরাদ্দ কম দেওয়া হয়েছে, এটা শিক্ষার সঙ্গে আপস। তৃতীয়ত, যে ব্যয় দিয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা হচ্ছে, তার চেয়ে কম ব্যয়ে আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশে বাজেট বাস্তবায়ন একটা বিরাট সমস্যা। একদিকে বাজেটের আকার বাড়ছে, অন্যদিকে বাস্তবায়নের মাত্রা কমছে। ২০১২-১৩ অর্থবছরে বাজেটের ৯৩ শতাংশ বাস্তবায়িত হয়েছিল, ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়িত হয়েছে ৭৮ শতাংশ। চলতি বছর শেষেও একই চিত্র দেখা যাবে।
বাংলাদেশে প্রকল্পের ব্যয় নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, এখন ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও ৪ দশমিক ৫ শতাংশ (সাড়ে ৪ টাকা মূলধন বিনিয়োগ করে ১ টাকার উৎপাদন)। এটা কম্বোডিয়া, লাওসের মতো দেশগুলোতে আরও কম। তিনি বলেন, ‘আমরা যদি মূলধনের দক্ষতা বাড়াতে পারি, তাহলে কম বিনিয়োগ করে প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব।’
>‘রাষ্ট্রের রুগ্ণ ব্যাংক অথবা শিল্পকে এভাবে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না।’
প্রায় প্রতিটি প্রকল্প বাস্তবায়নে এখন নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে উল্লেখ করে মির্জ্জা আজিজ বলেন, এতে মূল্যস্ফীতির কারণে ব্যয় বাড়ছে, অন্যদিকে প্রকল্পের কর্মীদের বেতনের পেছনেও বাড়তি ব্যয় হচ্ছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের পর সুফল মেলে একই মাত্রায়। ফলে তিন বছর পরে যে সেবা পাওয়া যেত, সেটা ব্যয় বাড়িয়ে ছয় বছরে পেতে হচ্ছে।
এর আগে ‘প্রবৃদ্ধি বনাম উন্নয়নের মহাসড়ক’ শীর্ষক এক উপস্থাপনায় বড় প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় নিয়ে আবদুল বায়েস বলেন, যে টাকা ব্যয়ে আমরা ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পাচ্ছি, তার চেয়ে অনেক কম টাকা ব্যয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। ব্যাংক হিসাবে আবগারি শুল্কের বিষয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ শুল্কের বিরোধী। এর ফলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে।’
আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ বলেন, বাজেটে মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) মতো পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা সম্পদ বৈষম্য আরও বৃদ্ধি করবে। তিনি বলেন, একদিকে আয়কর প্রদানকারীর সংখ্যা কম, অন্যদিকে বিত্তশালীদের কর ফাঁকির সুযোগ আছে। কিন্তু সীমিত আয়ের চাকরিজীবীদের কর উৎসে কর্তন করা হয়। আয়করের সীমা না বাড়ানোয় তাঁরা চাপে পড়বেন।
সাঈদ আহমেদ ৫ হাজার ১২৫ জন মানুষের ওপর ব্র্যাকের করা একটি জরিপের তথ্য তুলে ধরেন। এতে বলা হয়, সাধারণ মানুষ বাজেটে যথাক্রমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট ও কলকারখানা তৈরির ওপর জোর দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
ব্র্যাকের ক্ষুদ্রঋণ বিভাগের পরিচালক শামেরান আবেদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সঠিক উপকারভোগী নির্বাচনের তাগিদ দিয়ে বলেন, গবেষণায় দেখা গেছে এসব কর্মসূচির প্রায় ২০ শতাংশ উপকারভোগী সুবিধা পাওয়ার যোগ্য নয়।
অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির পরিচালক আরিফুল আলম, কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের পরিচালক ফারহানা হাফিজ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক (স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট) আসিফ সালেহ।