ব্যাংকে ভিড় বাড়লেও অর্থ জোগানে প্রভাব ফেলেনি
ঈদের আগে আর মাত্র এক দিন আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকছে। তারপর টানা তিন দিন ঈদের ছুটি। আর আজকে বিজয়া দশমীর ছুটি।তবে অন্যবারের মতো এবার পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গতকাল মঙ্গলবার ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়নি। বিপুলসংখ্যক স্বয়ংক্রিয় টাকা তোলার যন্ত্রের (অটোমেটেড টেলার মেশিন বা এটিএম) বুথের কারণে ব্যাংকগুলোতে ভিড় কিছুটা কমেছে।বেলা দুইটার পর মতিঝিলে এক বাণিজ্যিক ব্যাংকের শাখায় উঁকি দিয়ে দেখা গেল, জনা ত্রিশেক গ্রাহক দাঁড়িয়ে আছেন। অন্যান্য বার এই সময়ে বিপুল ভিড় থাকত।তবে দিলকুশায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিচে দুই দিকে মুখ করে সারি ধরে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। তাঁরা এটিএম কার্ডে টাকা তোলার অপেক্ষায় ছিলেন।গত কয়েক বছরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ, এমনকি কোনো কোনো ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। এই টাকার প্রধান উৎস হচ্ছে, বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী-আয় এসেছে এবার। বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা বাজারে ঢুকেছে। তাই এবার ঈদ সামনে রেখে গ্রাহকের অধিক অর্থ ওঠানোর পরও বেশির ভাগ ব্যাংকের নগদ অর্থের জোগানে টান পড়েনি। স্বল্প সময়ের জন্য ধার করা এই অর্থের সুদের হার (কলমানি রেট) গতকাল সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ওঠে। আগের লেনদেন দিবস অর্থাৎ গত সোমবারও কলমানির সুদের হার উঠেছিল সাড়ে ১২ শতাংশ পর্যন্ত।এদিকে গতকাল প্রাথমিক ডিলার ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক তারল্য-সহায়তা জোগানের শর্তের আওতায় ১২টি ব্যাংককে সাড়ে আট হাজার কোটি টাকা দিয়েছে। এর বাইরে নয়টি ব্যাংককে ট্রেজারি বিল জমা রেখে বিশেষ রেপো (পুনঃ ক্রয়চুক্তি) সুবিধায় প্রায় দেড় হাজার কোটি টাকা ধার দিয়েছে।