ব্যাংকের অলস টাকা কৃষি খাতে বিনিয়োগের দাবি
বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস পড়ে থাকা বিপুল পরিমাণ টাকা এনজিও ও ক্ষুুদ্রঋণ সংস্থার মাধ্যমে কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এ ছাড়া কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিঋণের সুদ এক অঙ্কে নামিয়ে আনার প্রস্তাব করেছেন ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের নেটওয়ার্ক নেতারা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। কোস্ট ট্রাস্ট, সিডিএফ (ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম) এবং ইনাফি-বাংলাদেশ (ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর অলটারনেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন-বাংলাদেশ) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সিডিএফের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক তারিক সাইদ হারুন। বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোস্তফা কামাল আকন্দ, ইনাফি-বাংলাদেশের নির্বাহী পরিচালক আতিকুন্নবী, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্যে তারিক সাইদ হারুন বলেন, এনজিও ও ক্ষুুদ্রঋণ সংস্থাগুলো শুধু ২০১১ সালে প্রায় দুই কোটি সাত লাখ দরিদ্র মানুষের মাঝে কৃষি, মৎস্য ও পশুসম্পদ খাতে ক্ষুুদ্রঋণ বিতরণ করে, যার মোট পরিমাণ প্রায় ৪০০ বিলিয়ন টাকা। অথচ একদিকে এই এনজিও ও ক্ষুুদ্রঋণ সংস্থাগুলো কৃষিঋণ বিতরণে যেমন তহবিল সংকটে ভুগছে, তেমনি বাণিজ্যিক ব্যাংকে অবিনিয়োগকৃত অলস টাকার পরিমাণ ৭২ হাজার কোটি টাকার মতো।