ব্যাংকের উপদেষ্টা এক ও পরামর্শক দুই বছরের জন্য নিয়োগ পাবেন
বাংলাদেশে যেকোনো ব্যাংকে চুক্তিভিত্তিক উপদেষ্টা এক বছরের জন্য বা পরামর্শক দুই বছরের জন্য নিয়োগ দেওয়া যাবে। উপদেষ্টা পুনর্নিয়োগযোগ্য হলেও সাধারণভাবে পরামর্শক পুনর্নিয়োগযোগ্য হবেন না।
বাংলাদেশে কার্যরত সব ব্যাংকে উপদেষ্টা ও পরামর্শক নিয়োগ-সংক্রান্ত সংশোধিত বিধিবিধান জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে গতকাল জারি করা এক সার্কুলার লেটারে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, উপদেষ্টাকে ১৫ বছরের ব্যাংকিং বা প্রশাসনিক কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। করখেলাপি, ঋণখেলাপি, দেউলিয়া ঘোষিত, বরখাস্তকৃত কোনো ব্যক্তি এই পদের অযোগ্য হবেন। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো পদে বর্তমানে বহাল আছেন বা ওই ব্যাংকে ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে এমন ব্যক্তি উপদেষ্টা হওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন না।
ব্যাংকের কোনো সাবেক পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য কোনো কর্মকর্তা অবসর বা অব্যাহতি গ্রহণের এক বছর অতিক্রান্ত হওয়ার পর একই ব্যাংকের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন।
সুনির্দিষ্ট বিষয়েই উপদেষ্টা পরিচালক পর্ষদ বা প্রধান নির্বাহীকে পরামর্শ প্রদান করবেন। আর্থিক, প্রশাসনিক বা পরিচালনাগত বিষয়সহ অন্য কোনো বিষয়ে তিনি কোনো প্রকার ক্ষমতা প্রয়োগ কিংবা সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হতে পারবেন না, উপদেষ্টা নিযুক্তির জন্য যৌক্তিকতা ব্যাখ্যাসহ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে। উপদেষ্টার অনুকূলে থোক পারিশ্রমিক, যানবাহন ও টেলিফোন-সুবিধা ব্যতীত ব্যাংকের কর্মকর্তাদের অনুরূপ বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া যাবে না।
অন্যদিকে সাধারণভাবে ট্যাক্স, আইন ও মামলা, প্রকৌশল ও কারিগরি, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিশেষায়িত প্রকৃতির কাজের জন্য চুক্তিভিত্তিক পরামর্শক নিয়োগ করা যাবে। যেসব কাজ ব্যাংকের নিয়মিত কর্মকর্তাদের মাধ্যমে করানো সম্ভব, সেসব কাজে পরামর্শক নিয়োগ যত দূর সম্ভব পরিহার করতে হবে।
উপদেষ্টার মতো তাঁরও নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে হতে হবে। পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো সুবিধা তিনি প্রাপ্য হবেন না। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর যদি কোনো কাজ অসম্পন্ন থাকে, তাহলে তা সম্পন্ন করতে সর্বোচ্চ এক বছরের জন্য পুনর্নিয়োগ করা যাবে। এ জন্যও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে।