ব্যাংকের কাছে বিশেষ সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতায় পোশাক ও বস্ত্রশিল্প-সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা ক্ষতি পোষাতে ব্যাংকগুলোর কাছে পাঁচটি বিশেষ সুবিধা চেয়েছেন।
এগুলো হচ্ছে বিশেষ প্যাকিং ক্রেডিটের (পিসি) আওতায় ব্যাংকগুলোকে ঋণ জোগাতে হবে, যা দুই বছরে পরিশোধ করা হবে। এই ঋণের অর্থ দিয়ে নভেম্বর-ডিসেম্বরসহ চার মাস শ্রমিকদের মজুরি দেওয়া হবে। বর্তমানে বিশেষ ছাড়কৃত পিসি বা প্যাকিং ক্রেডিটের আওতায় দেওয়া ঋণের সুদ হার ৭ শতাংশ।

ব্যবসায়ী নেতারা মেয়াদি বা প্রকল্প ঋণ ও এলটিআর সুবিধা এবং সব ঋণের কিস্তি দুই বছরের জন্য ব্লক বা পরিশোধ স্থগিতের দাবি করেছে। এই সময়ে কোনো সুদও হিসাব করা যাবে না।
আর বস্ত্র, পোশাক এবং এই খাতের সব পশ্চাৎ-সংযোগ শিল্পের যেকোনো ধরনের ঋণ চলতি বছরের চতুর্থ প্রান্তিক থেকে শুরু করে পরবর্তী দুই বছর পর্যন্ত শ্রেণীকরণ (খেলাপি) করা যাবে না।
বিজিএমইএ কার্যালয়ে গতকাল মঙ্গলবার ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বিমা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতারা পাঁচ দফার এই দাবিগুলো তুলে ধরেন। তাঁরা বিমা কোম্পানির কাছে সর্বনিম্ন মূল্যে বিমাসুবিধা দেওয়ারও দাবি করেন।

ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে পোশাক ও বস্ত্র কারখানা মালিকদের দাবির বিষয়ে একমত পোষণ করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেদের মধ্যে বৈঠক এবং বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কেও এ বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে জানান তাঁরা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনিসুল হক, আবদুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এবিবির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, ইস্টার্ন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি কে এস তাবরেজ, গ্রিন ডেল্টা লাইফের উপদেষ্টা নাছির এ চৌধুরী প্রমুখ।
আতিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক মাসে একের পর এক হরতাল ও অবরোধে তৈরি পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রম ও জাতীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমদানি করা কাঁচামাল বন্দর থেকে আনা যাচ্ছে না। আবার উৎপাদন করা পণ্য বন্দরে পাঠানো যাচ্ছে না। সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে।’

বিজিএমইএর সভাপতি আরও বলেন, সময়মতো পণ্য রপ্তানি করা যাচ্ছে না। অনেক ক্রেতা রপ্তানি আদেশ বাতিল করেছেন। ফলে ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে ফোর্সড ঋণ সৃষ্টি হয়েছে। আবার জানুয়ারি মাস থেকেই নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন দিতে হবে। এ কারণে প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের ব্যবসা পরিচালনা করে ব্যাংকঋণ ও কিস্তি কোনোমতেই পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
সাবেক সভাপতি আনিসুল হক কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশে বলেন, ‘দেশের অর্থনীতির স্বার্থে ঋণ শ্রেণীকরণের নীতিমালা পরিবর্তন করুন। আইএমএফের শর্ত ছাড়ুন।’

বিজিএমইএর সাবেক নেতারা বলেন, রানা প্লাজার পর এমনিতেই পোশাকশিল্পে সংকট চলছে। রাজনৈতিক অস্থিরতায় সেটি প্রকট আকার নিয়েছে। মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অসময়ে ব্যাংকগুলোকে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানো উচিত। কারণ, পোশাকশিল্প টিকে না থাকলে অনেক ব্যাংককেই পথে বসতে হবে।

বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘তিন সংগঠনের করা দাবি অবাস্তব বা কাল্পনিক নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে সব ব্যাংকের সঙ্গে বৈঠক করতে হবে। এ ছাড়া পোশাকশিল্পের সমস্যাটা অঞ্চলভিত্তিক নির্ধারণ করতে হবে। কারণ, চট্টগ্রামে সমস্যাটা তুলনামূলক কম।’ তিনি মন্তব্য করেন, দাবিতে দুই বছর পর্যন্ত সময় চাওয়া একটু বেশিই হয়েছে। এত সময় পর্যন্ত ব্যাংকের পক্ষে সুবিধা দেওয়া সম্ভব হবে না। নজরুল ইসলাম মজুমদার অবশ্য পোশাকশিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপেরও চেয়ারম্যান।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘পোশাকশিল্প এত ভালো না হলে দেশে এত ব্যাংক হতো না। কারণ, এই শিল্পটি থেকেই ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা করে। তাই সাহায্য নয়, বন্ধুর বিপদে ব্যাংকগুলোর উচিত পাশে থাকা।’ তিনি পোশাকশিল্পের পাশাপাশি অন্য খাতের সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে একইভাবে সহায়তার হাত বাড়াতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান। আকরাম উদ্দিন আহ্মদ স্ট্যান্ডার্ড ব্যাংকেরও চেয়ারম্যান।