ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে ২ থেকে ৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ২ থেকে ৪ জুলাই পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তাতে বাংলাদেশ ব্যাংক বলছে, সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে কেবলমাত্র অর্থ উত্তোলন ও জমার জন্য সব বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং মার্কেট সংশ্লিষ্ট ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় ২ থেকে ৪ জুলাই খোলা থাকবে। তবে কোন কোন শাখা খোলা থাকবে, তা ব্যাংকসমূহ স্বীয় বিবেচনায় নির্ধারণ করবে।
এর আগে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে বাংলাদেশ ব্যাংক ৪ জুলাই ব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছিল। ফলে সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা নয় দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের দাবির কারণে তাতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে ব্যাংকের চাকরিজীবীদের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, তৈরি পোশাক রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ দাবির পরিপ্রেক্ষিতে ২ ও ৩ জুলাই পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবির পরিপ্রেক্ষিতে ৪ জুলাই ছুটি বাতিল করে কিছু ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন খাতের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকের ঈদের ছুটিতে একাধিক দফা পরিবর্তন আনা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পোশাকশ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুধু তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২ থেকে ৪ জুলাই খোলা থাকবে।