ব্যাংকের খেলাপি ঋণের হার কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিমাণের দিক থেকে খানিকটা বাড়লেও শতকরা হারে ২০১১ সালের মাস শেষে দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেশ খানিকটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১০ সালের ডিসেম্বর থেকে অর্থা ৎ চলতি বছরের নয় মাসে ব্যাংক খাতে মোট ঋণ বিতরণ বেড়েছে সাড়ে ৩৭ হাজার কোটি টাকারও বেশি। বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাতে শতকরা বিবেচনায় খেলাপি ঋণ খানিকটা কমে এসেছে। তা যেমন তিন, ছয় মাসের ব্যবধানে, তেমনি নয় মাস ও এক বছর আগের তথ্যের তুলনায়ও কমেছে।সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ব্যাংক খাতে গত সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণ হয়েছে ২৫ হাজার ৭২ কোটি ৬৫ লাখ টাকা, যা এ সময় পর্যন্ত বিতরণ করা তিন লাখ ৪৯ হাজার ৭১৫ কোটি ৫৩ লাখ টাকার ঋণের ৭ দশমিক ১৭ শতাংশ। ২০১০ সাল শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল তিন লাখ ১২ হাজার ২০৯ কোটি ২৯ লাখ টাকা। সে সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৭০৯ কোটি ৪৮ লাখ টাকা বা ৭ দশমিক ২৭ শতাংশ। চলতি বছরের গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল ২৪ হাজার ৩৮৪ কোটি নয় লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ১৪ শতাংশ। গত মার্চ শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার ৭৫১ কোটি ৯৩ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৭ দশমিক ২৭ শতাংশ। আর আগের বছরের অর্থা ৎ ২০১০ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৪ হাজার ৮৮ কোটি ১৩ লাখ টাকা, যা সে সময় পর্যন্ত বিতরণ করা ঋণের ৮ দশমিক ৪৭ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত সর্বশেষ সেপ্টেম্বর-ভিত্তিক ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদন তথ্যের সঙ্গে গত জুন, মার্চ ও আগের ডিসেম্বর এবং সেপ্টেম্বরের খেলাপি ঋণের তুলনায় এসব তথ্য পাওয়া গেছে। সাধারণভাবে বছরের প্রথম তিন প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা বাড়ে। বছর শেষে সার্বিকভাবে তা কমে আসে। কেননা, ঋণ গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের ঋণ পরিশোধে যেমন উদ্যোগী হয়, তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের বার্ষিক হিসাব-নিকাশের আগে আদায়-ত ৎপরতা বৃদ্ধি করে। তবে কয়েক বছর ধরে খেলাপি ঋণের হার ক্রমশই কমছে। যদিও পরিমাণের দিক থেকে সম্প্রতি সামান্য বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে সেপ্টেম্বর-ভিত্তিক তথ্যে দেখা যায়, নিট হিসাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ রয়েছে চার হাজার ৮৮ কোটি ৭৯ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের মাত্র ১ দশমিক ২৪ শতাংশ। এটি জুনভিত্তিক হিসাবে ছিল চার হাজার ১৪১ কোটি এক লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের মাত্র ১ দশমিক ২৯ শতাংশ। তবে গত ডিসেম্বর শেষে যা ছিল তিন হাজার ৭৬৫ কোটি ৩২ লাখ টাকা বা সে সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ২৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক মনে করে মোট খেলাপি ঋণ থেকে সংরক্ষিত প্রভিশন (ঋণের নিরাপত্তা সঞ্চিতি) ও স্থগিত সুদ (যা খেলাপিদের হিসাবে যুক্ত আছে) বাদ দেওয়ার পর প্রাপ্ত নিট অঙ্কই প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ। এই হিসাবে দেশের ব্যাংক খাতে সামগ্রিকভাবে খেলাপি ঋণ অনেক দিন ধরেই আন্তর্জাতিকভাবে সহনীয় মানের পর্যায়ে রয়েছে।বিধি অনুসারে বর্তমান খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন দরকার ১৬ হাজার ২১২ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে সংরক্ষিত প্রভিশন দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬১ কোটি ৯২ লাখ টাকা। অর্থা ৎ ঘাটতি রয়েছে ৪৫০ কোটি ৪৮ লাখ টাকা। আর স্থগিত সুদের পরিমাণ পাঁচ হাজার ২২১ কোটি ৯৪ লাখ টাকা। এই দুইয়ে মিলে মোট ২০ হাজার ৯৮৩ কোটি ৮৬ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংক মোট খেলাপি ঋণের হিসাব থেকে বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব করেছে।ব্যাংকভিত্তিক পরিসংখ্যান: বরাবরের মতো খেলাপি ঋণের পরিমাণ রাষ্ট্র খাতের চার ব্যাংকেই সর্বাধিক। সেপ্টেম্বর শেষে মোট হিসাবে খেলাপি ঋণ হয়েছে ১১ হাজার ১৯৫ কোটি ৯৭ লাখ টাকা বা ১৪ দশমিক ১৭ শতাংশ। জুন শেষে ছিল ১১ হাজার ৬৪ কোটি ৬৬ লাখ টাকা বা ১৪ দশমিক ৮ শতাংশ। বেসরকারি ৩০ ব্যাংকে মোট খেলাপি ঋণ বেড়ে হয়েছে আট হাজার ২৮৪ কোটি ৪০ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৬৪ শতাংশ। গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল সাত হাজার ৭৭২ কোটি ৬৫ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৫৪ শতাংশ। বিদেশি নয় ব্যাংকে মোট খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৭২১ কোটি ১৫ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৩ দশমিক ৪৭ শতাংশ। গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল ৬৪৮ কোটি ১৪ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ৩ দশমিক ১১ শতাংশ। রাষ্ট্র খাতের চার বিশেষায়িত ব্যাংকে মোট খেলাপি ঋণ হয়েছে চার হাজার ৮৭১ কোটি ১৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২১ দশমিক ৬৪ শতাংশ। গত জুনভিত্তিতে মোট খেলাপি ঋণ ছিল চার হাজার ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ২১ দশমিক ৮১ শতাংশ।