ব্যাংকের ঘাটতি পূরণে বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি জোগাতে নতুন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে ‘ব্যাংকের মূলধন পুনর্গঠন বিনিয়োগ’ খাতে এ অর্থ রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত এমওইউ শর্ত পরিপালনের সাপেক্ষেই কেবল এই তহবিলের জোগান দেওয়া হবে।
গত বছর রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক ছাড়াও বিশেষায়িত খাতের বেসিক ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এমওইউ স্বাক্ষরিত হয়।
মূলধন ঘাটতি পূরণের জন্য শর্তসাপেক্ষ সরকার ওই বছর চার হাজার ৯০ কোটি টাকার মূলধন জোগান দেয় রাষ্ট্রীয় চার বাণিজ্যিক ব্যাংককে। এ সময় এই অর্থ ব্যয়ের জন্য পাঁচটি শর্ত জুড়ে দেয় অর্থ মন্ত্রণালয়।
শর্তগুলো ছিল—ব্যাংকগুলো এ টাকা পুনঃতহবিলীকরণ ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের অটোমেশন খাতে এ টাকা শুধু ব্যয় করা যাবে। এ জন্য ব্যাংকগুলোকে প্রচলিত সব আর্থিক বিধিবিধান এবং নিয়মনীতি মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই এ টাকা রাজস্ব ব্যয় হিসেবে খরচ করতে পারবে না। একইভাবে চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে রাষ্ট্রীয় খাতের এ চার ব্যাংকে অটোমেশনের অ্যাকশন প্ল্যান বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসের শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪৫৬ কোটি ৩২ লাখ টাকা। আর বিশেষায়িত খাতের বেসিক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক—এই তিন ব্যাংকের মোট মূলধন ঘাটতি রয়েছে সাত হাজার ৫২৭ কোটি ৭৭ লাখ টাকা।