ব্যাংকের চেক সমন্বয়ের জন্য মাশুল আরোপে নেতিবাচক প্রতিক্রিয়া
তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের খরচ নির্বাহের জন্য ১ জানুয়ারি থেকে গ্রাহকদের চেকের বিপরীতে টাকা কেটে নিচ্ছে। ব্যবসায়ীরা ছাড়াও চাকরিজীবীদের বেতনের চেক সমন্বয় করতেও টাকা কাটা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। মোটা অঙ্কের টাকার চেকের (হাই ভ্যালু চেক ক্লিয়ারিং) ক্ষেত্রে খরচ বাবদ ২৫ টাকা ও নিয়মিত চেকের (রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিং) বিপরীতে সাত টাকা কাটা হচ্ছে। এর সঙ্গে আরও নেওয়া হচ্ছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক)। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে চট্টগ্রামের ব্যবসায়ীদের অনেকেই জোরালো ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, ‘এটা অন্যায়। প্রতিদিন আমাদের অনেক চেক ক্লিয়ারিং (সমন্বয়) করতে হয়। প্রতিটি চেক থেকে টাকা কেটে নেওয়া কি মগের মুলুক? বাংলাদেশ ব্যাংকের কাজ তফসিলি ব্যাংক নিয়ন্ত্রণ করা। গ্রাহকদের কাছ থেকে টাকা কেটে নেওয়া নয়।’কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) ও বাংলাদেশ ইলেট্রনিকস ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) কার্যক্রম পরিচালনার জন্য ইংল্যান্ড থেকে যন্ত্র আনা হয়েছে। কেবল যন্ত্র পরিচালনা এবং এর অপচয় বাবদ বাংলাদেশ ব্যাংকের বার্ষিক খরচ হচ্ছে ২৩ কোটি টাকা। এই খরচের কিছু অংশ তুলে নিতে আমরা গ্রাহকদের চেকের খরচ ধার্য করে দিয়েছি।’ কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, তফসিলি ব্যাংকগুলো মনে করলে গ্রাহকদের কাছ থেকে খরচ না নিয়ে নিজেরাই তা বহন করতে পারে।’এদিকে অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে সম্পাদিত চেকসংক্রান্ত লেনদেনের ওপর খরচ কেটে নেওয়ার সিদ্ধান্তে তফসিলি ব্যাংকের স্থানীয় কর্মকর্তারাও আপত্তি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে উন্নত সেবা নিশ্চিত করতে হবে। এ জন্য নতুন নতুন যন্ত্রের ব্যবহার বাড়বে। এর খরচ কেবল তফসিলি ব্যাংক থেকেই কাটার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সরাসরি গ্রাহকদের ওপর খরচ আরোপ করা উচিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘সরকারকে রাজস্ব দেন ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী চট্টগ্রাম কাস্টম হাউসের মূসক বাবদ চেক জমা দেন আমার ব্যাংকে। ওই চেকের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের খরচ এবং এর ওপর আবারও ১৫ শতাংশ মূসক নেওয়া হয়েছে। গ্রাহকদের চেকের বিপরীতে টাকা নেওয়াকে দুর্বোধ্য এবং ‘ভ্যাটের ওপর ভ্যাট নেওয়া’কে আজগুবি সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।