ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় পর্ষদের দায়দায়িত্ব বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর পরিচালনা পর্ষদকে সতর্ক নজর রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তা পরিপালনের বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে সে বিষয়ে পর্ষদ দায়বদ্ধ থাকবে।
সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের ১৫, ১৫খ ও ১৫গ ধারার ব্যাখ্যায় এসব বিষয় স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে গতকাল রোববার জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বার্ষিক কর্মপরিকল্পনায় নির্ধারিত ব্যবসায়িক ও অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য-ব্যর্থতার বিষয়টি বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে ঋণ প্রস্তাব মূল্যায়ন, মঞ্জুরি ও বিতরণ এবং ঋণ আদায়, পুনঃ তফসিলীকরণ ও অবলোপনের নীতি-কৌশল পর্ষদের অনুমোদনক্রমে করতে হবে। পর্ষদ ব্যাংকের কোন পর্যায়ের কর্মকর্তারা কী পরিমাণ ঋণ বিতরণ করতে পারবে, তা নির্ধারণ করে দেবে।
এতে আরও বলা হয়েছে, ব্যাংকের চাকরি বিধি, নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, শাস্তিমূলক ব্যবস্থা, প্রণোদনাসহ মানবসম্পদ উন্নয়ন-সংক্রান্ত নীতিমালা পর্ষদ থেকে অনুমোদিত হতে হবে। তবে এসব ক্ষেত্রে চেয়ারম্যান বা পরিচালকদের কেউ কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না। শুধু প্রধান নির্বাহীর নিচে দুই স্তর পর্যন্ত এসব ক্ষেত্রে পর্ষদ দেখভাল করবে।
একই সঙ্গে এ-সংক্রান্ত আগে জারি করা সব সার্কুলার বাতিল করা হয়েছে।
এছাড়া গতকাল বিশেষায়িত ব্যাংক ছাড়া বাংলাদেশে কার্যরত সব ব্যাংকে প্রধান নির্বাহীর যোগ্যতা, দায়দায়িত্ব ও ক্ষমতা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে সব ব্যাংককে বিদ্যমান প্রধান নির্বাহীসহ নতুনভাবে নিয়োগ কিংবা পুনর্নিয়োগের ক্ষেত্রে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে গতকাল জারি করা এক সার্কুলার লেটারে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুসারে প্রধান নির্বাহী হতে হলে কোনো ব্যক্তি কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বা কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক নিয়ম-বিধি ভঙ্গের কারণে দণ্ডিত হতে পারবেন না। এমনকি নিবন্ধন বা লাইসেন্স বাতিল হয়েছে এমন কোনো প্রতিষ্ঠানে যুক্ত থাকাও অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো করখেলাপি বা ঋণখেলাপি বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে এই পদের উপযুক্ত হবেন না।
প্রধান নির্বাহীকে ব্যাংকিং পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে এবং এই পদে নিযুক্তির ঠিক আগে কমপক্ষে দুই বছর প্রধান নির্বাহীর অব্যবহতি নিচের স্তরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
প্রধান নির্বাহীর বয়স ৬৫ বছরের বেশি হতে পারবে না। তিন বছর মেয়াদের জন্য প্রধান নির্বাহী নিয়োগ পাবেন। তিন বছর পরে যাবতীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে পুনর্নিয়োগ পেতে পারবেন।
প্রধান নির্বাহীর বেতন-ভাতা সুনির্দিষ্টভাবে টাকার অঙ্কে নির্ধারণ করতে হবে। অন্যান্য সুবিধাও (যেমন: গাড়ি) যথাসম্ভব অর্থমূল্যে রূপান্তর করতে হবে। চাকরির মেয়াদে বেতন-ভাতার শর্ত অপরিবর্তনীয়। প্রধান নির্বাহীর আয়কর ব্যাংক প্রদান করবে না, অন্য কোনো সুবিধাও (কমিশন, ক্লাবের চাঁদা) ব্যাংক দেবে না। ব্যাংকের মুখ্য আর্থিক সূচক উন্নতি সাপেক্ষে তাঁর বার্ষিক বেতন বৃদ্ধি হবে।
প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার বিস্তারিতসহ প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। একইভাবে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া তাঁকে বরখাস্ত বা চাকরিচ্যুত করা যাবে না।