ব্যাংকের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি সারা দেশে রাজনৈতিক অরাজকতার মধ্যে ব্যাংকগুলোর অন্তত ২৫টি শাখা ও এটিএম বুথে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর একসঙ্গে কয়েকটি জেলায় ব্যাংকের শাখা ও এটিএম বুথে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলামের এক চিঠিতে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখা এবং এটিএম বুথের নিরাপত্তা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা করে দেশে কার্যরত ব্যাংকগুলোতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে। এ ধরনের ঘটনা ব্যাংকের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সহিংসতা সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন সেবাদান বাধাগ্রস্ত করে। ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার সুরক্ষা দিয়ে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে অনুরোধ করা হয়েছে।