ব্যাংকের পরিচালক পদে আজীবন থাকতে চান উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের পরিচালক পদে আজীবন থাকতে চান উদ্যোক্তারা।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেন।

বিদ্যমান ব্যাংকিং আইন অনুযায়ী, ব্যাংকের পরিচালকেরা টানা দুই মেয়াদ (৬ বছর) পরিচালক থাকতে পারেন। মাঝখানে বিরতি দিয়ে পরে আবার তাঁরা পরিচালক পদে আসতে পারেন। কিন্তু বিএবি ও এবিবির দাবি, উদ্যোক্তারা আজীবনই ব্যাংকের পরিচালক পদে থাকেন, ছয় বছর পরে কেন বিদায় নেবেন।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে বিএবি ও এবিবি বেশ কিছু দাবি উত্থাপন করেছে। তিনি জানান, শ্রম আইন অনুযায়ী ব্যাংকের মুনাফার একটা অংশ শ্রমিক কল্যাণ ফান্ডে দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ব্যাংকের শ্রমিক কারা এ ব্যাপারে একটা নির্দেশনা চেয়েছে বিএবি ও এবিবি। পরিবারের সদস্য কারা, এ ব্যাপারেও বর্তমান আইনের সংশোধন এবং একই রকম সংজ্ঞা চান তাঁরা। এ ছাড়া বর্তমান আইনে ব্যাংকের এমডি ও পরিচালক নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হয়। বিএবি ও এবিবির দাবি মালিকদের কেন বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে।

দাবি বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এর সব কটিই আইনের বিষয়। আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।

বৈঠকে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং এবিবির প্রেসিডেন্ট আনিস এ খান উপস্থিত ছিলেন।