ব্যাংকের পরিচালন মুনাফার বড় অংশ এসেছে শেয়ারবাজার থেকে
বিদায়ী ২০১০ সালে দেশের বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সবাই উচ্চ পরিচালন মুনাফা করেছে।৩০টি বেসরকারি ব্যাংকের গত দুই বছরের পরিচালনগত মুনাফার তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সব ব্যাংকই আগের বছরের চেয়ে অধিক মুনাফা করেছে। রাষ্ট্রীয় খাতের চারটি বাণিজ্যিক ব্যাংকেরও দুই বছরের তুলনায় উচ্চ পরিচালন মুনাফার হিসাব মিলেছে।দুই বছর দেশে জরুরি অবস্থা থাকার পর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ২০০৯-এর শুরুতে সরকার গঠন করে। কিন্তু আগের মতো দেশে গ্যাস-বিদ্যুতের সংকট তীব্র ছিল গত বছরও। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শিল্প-বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয় তার জের ছিল প্রথম এক বছর। আর গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প-বিনিয়োগ আটকে ছিল বছর ধরেই।অন্যদিকে বিশ্বমন্দা পরিস্থিতি থেকে উন্নত দেশগুলো ঘুরে দাঁড়ানোর কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে উন্নতি হয় গত বছর। আবার বছরের একেবারে শেষভাগে এসে আমদানি বাড়তে শুরু করেছে। আমদানির মধ্যে একটি বড় অংশ রয়েছে মূলধনি যন্ত্রপাতি।তবে বছর জুড়েই আলোচিত ছিল শেয়ারবাজার। শেয়ারবাজারের ফাটকা খেলায় জড়িয়ে ছিল বেশ কয়েকটি ব্যাংক। তাদের মুনাফার বৃহৎ অংশও এসেছে এই বাজার থেকে। কোম্পানি আইন ও নীতি-নৈতিকতার বাছ-বিচার না করেই কয়েকটি ব্যাংক শেয়ারবাজারে জড়িয়ে পড়ে। ঝুঁকির মধ্যে ফেলে জনগণের আমানত। কয়েকটি ব্যাংকের ব্রোকারেজ ব্যবসা ও মার্চেন্ট ব্যাংকিং রয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোও তাদের নিজস্ব তহবিল শেয়ারবাজারে খাটিয়েছে। ফলে এ খাতে বড় আয় হয়েছে ব্যাংকগুলোর। কয়েকটি ব্যাংকের মিউচুয়াল ফান্ডও রয়েছে। বিশ্বমন্দা পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরে দেশের ব্যাংকগুলোকে কৃষিঋণ বিতরণে ব্যাপকভাবে প্রভাবিত করা হয়েছে। কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণে সুদের হারও নির্ধারণ করা রয়েছে। আবার রপ্তানি খাতেও সুদের হার নির্ধারিত আছে, যার সবই উচ্চ মুনাফার ক্ষেত্রে অন্তরায় ছিল। প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহেও খানিকটা ভাটা পড়েছে। এ খাতে আয়ও কমেছে ব্যাংকগুলোর। অন্যদিকে বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের ঋণ এককালীন (ডাউন পেমেন্টে) জমা ছাড়াই ঋণ পুনঃতফসিলও করতে হয়েছে ব্যাংকগুলোকে। ফলে এসব ঋণ থেকে আয় তো আসেইনি, উপরন্তু এককালীন জমার মাধ্যমে কিছু টাকা ব্যাংকের খাতায় যে যুক্ত হতে পারত, তাও হয়নি। তবে সুবিধার দিক হলো, ব্যাংকগুলো এসব ঋণ পুনঃতফসিল করায় তা খেলাপিতে পরিণত হয়নি। ফলে এর বিপরীতে উচ্চ হারে প্রভিশনিং (নিরাপত্তা সঞ্চিতি) রাখতে হবে না।ধারণা করা হয়, বিদায়ী বছরে অন্য বছরের মতো শিল্প-বাণিজ্যে প্রবৃদ্ধির কারণে ব্যাংকের আয় তেমন বৃদ্ধি পায়নি। বরং তা এসেছে শেয়ারবাজার থেকে। শিল্প-বাণিজ্যে বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নামে ব্যাংকের অর্থ বের হয়ে গিয়ে তা ঢুকেছে শেয়ারবাজারে। ব্যাংকগুলোর কর্মকর্তাদের একাংশ নিশ্চিতভাবেই এর সঙ্গে জড়িয়ে ছিল বলে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করেছে।এরও বাইরে সংশ্লিষ্ট কারও কারও মতে, এই যে বড় অঙ্কের পরিচালন মুনাফা, তারও মধ্যে বড় ধরনের হিসাবের ফাঁক বা ‘উইন্ডো ড্রেসিং’ থাকতে পারে। কেননা ফুলে-ফেঁপে ওঠা শেয়ারবাজারে ব্যাংকের শেয়ারের বড় অংশীদারি রয়েছে। উপরন্তু, এই পরিচালনগত মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার পরিমাণ হিসাব করা হয়। ফলে নিট মুনাফা অনেকটা কমে আসবে।এর ওপরও ব্যাংক বিশেষে সাধারণ রিজার্ভ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীকে অপেক্ষা করতে হবে নিট বা প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রেই নিট মুনাফা হলেও তার সম্পূর্ণ অর্থ লভ্যাংশ আকারে বিতরণ করা হবে না। যার কারণে শেয়ারে বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার হিসাব কষতে অপেক্ষা করতে হবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত পর্যন্ত।সর্বোপরি ব্যাসেল-২ বাস্তবায়নের জন্য ২০১১ সালের মধ্যে ব্যাংকগুলোকে মূলধন ৪০০ কোটি টাকা বা ঝুঁকিনির্ভর সম্পদের ১০ শতাংশ—এই দুয়ের মধ্যে যা বেশি সেই পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হবে। যার মধ্যে পরিশোধিত মূলধন হতে হবে ২০০ কোটি টাকা। ফলে অনেক ব্যাংকের মুনাফা বিতরণ কমে আসতে পারে। মূলধন বাড়াতে গিয়ে তুলনামূলকভাবে স্বল্প পরিশোধিত মূলধনের ব্যাংকগুলো হয়তো লভ্যাংশ বিতরণ না করে বোনাস শেয়ারে তা দিতে পারে।আবার সংবাদপত্রের তথ্য প্রাপ্তিতে নানা বাধা রয়েছে। ফলে এমনও হতে পারে, কোনো ব্যাংক সূত্র একটি কাছাকাছি অঙ্কের মুনাফার তথ্য দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে তা শতভাগ নিশ্চিত করা যায়নি। অবশ্য বিশ্বব্যাপী পরিচালন মুনাফা প্রকাশ একটি স্বীকৃত বিষয়। যদিও বাংলাদেশে ব্যাংকিং খাতে এই পরিচালন মুনাফা প্রকাশে ব্যাংকগুলোর ওপর নানা বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুরোধে বাংলাদেশ ব্যাংক থেকে। তবে শেয়ারবাজারে যাঁরা প্রতিনিয়ত কেনাবেচা করেন এবং যাঁদের কোনো ব্যাংকের শেয়ারে বিনিয়োগ রয়েছে, তাঁরা ব্যক্তি যোগাযোগের মাধ্যমেই এ তথ্য সংশ্লিষ্ট ব্যাংক থেকে পেতে নানামুখী তৎপরতা চালাতে দেখা যায়। এতে সফল হনও অনেকে।সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, বরাবরের মতো ২০১০ সালেও পরিচালন মুনাফার পরিমাণের দিক থেকে সর্বাধিক আয় করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ১৪৩ কোটি টাকা। আগের বছর ব্যাংকটি ৮৫০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল।তবে দেশের সামগ্রিক ব্যাংক খাত বিবেচনা করলে এবার রাষ্ট্রীয় খাতের জনতা ব্যাংক সর্বাধিক পরিচালন মুনাফা করেছে। এই ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ১৫২ কোটি টাকা। আগের বছর যা ছিল ৮০০ কোটি টাকা। ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ (ঋণ) পদ্ধতি ভিন্ন। ফলে তাদের হিসাবও ভিন্ন। উপরন্তু ব্যাংকটির আমানতের পরিমাণ বেসরকারি অন্য একক কোনো ব্যাংকের অনেক বেশি। সেই হিসাবে ইসলামী ব্যাংককে বাদ দিলে গত বছর সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ন্যাশনাল ব্যাংক। তারপর রয়েছে এবি ব্যাংক।রাষ্ট্রীয় মালিকাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোও এবার ভালো পরিচালন মুনাফা করেছে। জনতা ব্যাংকের আর্থিক ভিত্তি বরাবরই অন্য তিন ব্যাংকের চেয়ে ভালো ছিল। মুনাফাতেও এর প্রতিফলন রয়েছে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর প্রত্যন্ত অঞ্চলে শাখা আছে। উপরন্তু, তাদের এখনো তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীলতা অনেক কম। যে কারণে এসব ব্যাংকের মুনাফার পরিমাণ আরও কিছুটা এদিক-ওদিক হতে পারে।বেসরকারি খাতের রুগ্ণ ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনগত মুনাফা নয়, বছর শেষে বরং কিছু ক্ষতি নিয়ে হিসাব শেষ করতে হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছরের মে মাস থেকে তাদের পরিচালন মুনাফা হয়েছে। কিন্তু আগের মাসগুলোতে যে বড় পরিচালন ক্ষতি ছিল তা সমন্বয় করে বছর শেষে তাদের পরিচালন ক্ষতি হবে নয় কোটি টাকা।ব্যাংকের পরিচালন মুনাফা (কোটি টাকায়) ব্যাংকের নাম ২০১০ ২০০৯ ২০০৮ সোনালী ব্যাংক ১০০০ ৮০০ ৬৩৬ জনতা ব্যাংক ১১৫০ ৮০০ ৭০০ অগ্রণী ব্যাংক ১০৭৭ ... ৬৩২ রূপালী ব্যাংক ২৫০ ২০০ ১০১ ইসলামী ব্যাংক ১১৪৩ ৮৫০ ৮৩২ এবি ব্যাংক ১০০০ ৫০০ ৪৬৫ প্রাইম ব্যাংক ৭৭০ ৫৮০ ৪৩০ পূবালী ব্যাংক ৫৯০ ৪২৭ ৩৬৫ ন্যাশনাল ব্যাংক ১০২৫ ৩৫০ ৩৫০ সাউথইস্ট ব্যাংক ৬৫০ ৪৬৫ ৩০০ ব্র্যাক ব্যাংক ৪৯০ ৪০০ ৩০০ সিটি ব্যাংক ৪০০ ২৩০ ১৭০ এক্সিম ব্যাংক ৬০৭ ৩২০ ২৬৭ ইউসিবিএল ৫১২ ৩৪০ ২৬০ ঢাকা ব্যাংক ৩৭০ ২৭০ ২৫৪ এনসিসিবিএল ৪১০ ৩১৪ ২৩৬ ডাচ্-বাংলা ৪৫০ ২৬০ ২১৮ উত্তরা ব্যাংক ৩০২ ২৫০ ২১৫ শাহজালাল ব্যাংক ৩৮৮ ২১০ ২০৭ ইস্টার্ন ব্যাংক ৪০০ ৩১৫ ২০০ ব্যাংক এশিয়া ৪৫৫ ৩০০ ১৯৫ মার্কেন্টাইল ব্যাংক ৩০০ ... ১৯৩ আইএফআইসি ব্যাংক ৪১৯ ২০০ ১৭৮ বেসিক ব্যাংক ২০৭ ১৬২ ১৭৫ আল-আরাফাহ্ ব্যাংক ৩০০ ১৮১ ১৫৮ স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১০ ১৮১ ১৫৫ প্রিমিয়ার ব্যাংক ২৭৫ ১৬০ ১৪৫ দি ট্রাস্ট ব্যাংক ২৬৫ ১৬০ ১৩৫ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ২৫০ ... ১২২ওয়ান ব্যাংক ৩০০ ... ১১০ যমুনা ব্যাংক ২৫৩ ১৯৮ ১০৯এসআইবিএল ১৭৫ ১৩০ ১০০ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১২১ ৭৬ ২৫কমার্স ব্যাংক ৩৪ ... ১৮ আইসিবি ইসলামী ব্যাংক (-)৯ ... ...