ব্যাংকের পরোক্ষ ঋণ প্রত্যক্ষ সুবিধায় রূপান্তরের বিষয়ে সতর্ক করা হলো
সম্প্রতি কোনো কোনো ব্যাংকে পরোক্ষ ঋণসুবিধা (যেমন: এলসি, এলটিআর ইত্যাদি) প্রত্যক্ষ ঋণসুবিধায় রূপান্তরের প্রবণতা দেখা যাচ্ছে। এতে ব্যাংকের দায় ও সম্পদ ব্যবস্থাপনা যথাযথ প্রস্তুত থাকছে। এসব তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এই ধরনের প্রবণতা ও চর্চার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। গভর্নর একই সঙ্গে বিলের দায় পরিশোধে অনিয়ম না করার জন্য নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গতকাল বিকেলে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে গভর্নর এসব নির্দেশনা দেন। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় বেশির ভাগ ব্যাংকের প্রধান নির্বাহী ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং ব্যাংকগুলোর পক্ষে এবিবির চেয়ারম্যান মো. নুরুল আমিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।বৈঠকে আতিউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় মুদ্রায় মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিলের দায় পরিশোধের বিষয়ে চারটি ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ব্যাংকের দায় পরিশোধ করা হয়েছে। এই দৃষ্টান্ত থেকে আরও কয়েকটি ব্যাংক তাদের প্রাপ্য পাওনার জন্য অভিযোগ করেছে। এভাবে ব্যাংককিং কার্যক্রম পরিচালিত হতে থাকলে সাধারণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে উল্লেখ করে গভর্নর নিজেদের তাগিদে এ ধরনের বিল যথাসময়ে পরিশোধের নির্দেশ দেন। উল্লেখ্য, পরোক্ষ ঋণসুবিধা প্রত্যক্ষ ঋণে (ফোর্সড লোন) রূপান্তর এবং বিলের দায় পরিশোধ নিয়ে অনিয়মের বিষয়ে সম্প্রতি প্রথম আলোয় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেসবের সূত্র ধরে কেন্দ্রীয় ব্যাংক এখন তদন্ত করছে। বৈঠকে ঋণ প্রদান ও আমানত সংগ্রহে ঘোষণার বাইরে সুদের হার আরোপের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ব্যাংককে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আমানতের তুলনায় যেসব ব্যাংক বেশি মাত্রায় ঋণ দিয়েছে, তাদের তা নির্দেশিত সীমায় নামিয়ে আনতে বলা হয়। বৈঠকে গভর্নর বলেন, কোনো কোনো ব্যাংকের আমানতের তুলনায় ঋণ-প্রবৃদ্ধি বেশি। এ ছাড়া কেউ কেউ স্বল্পমেয়াদি আমানত সংগ্রহ করে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করছে। ব্যাংকের বেশি ঋণ প্রবৃদ্ধির ফলে মুদ্রানীতির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এতে ব্যাংকের তারল্যের ওপরও চাপ বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে ঋণ ও আমানত প্রবৃদ্ধির মধ্যে একটা সামঞ্জস্য আনার নির্দেশ দেন তিনি।বৈঠক শেষে এস কে সুর চৌধুরী বলেন, আমদানি-রপ্তানির বিপরীতে স্বীকৃত বিল আদায়ের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি স্বীকৃত বিল আদায় ছাড়াও শ্রেণীকৃত ঋণের বিষয়ে খোঁজখবর নেবে। বাংলাদেশ ব্যাংক, এবিবি ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে নিয়ে শিগগিরই এই কমিটি গঠন করা হবে।