ব্যাংকের পর্ষদ সভায় বহিরাগত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বহিরাগত ব্যক্তিরা উপস্থিত থাকছেন। আবার বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সম্মানীর চেয়েও বেশি অর্থ দেওয়া হচ্ছে কোথাও কোথাও। এসব বিষয়ে সতর্ক করে নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের পর্ষদ সভায় পরিচালক ছাড়া কেউ উপস্থিত থাকতে পারবেন না। পর্ষদ সদস্যদের নির্ধারিত ফির বাইরে কোনো সম্মানীও দেওয়া যাবে না।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। তবে পর্ষদের সব সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য ব্যাংকের পরবর্তী পর্ষদ সভায় এ নির্দেশনা উপস্থাপন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদসভায় অসদস্য ব্যক্তিরা যেমন-কোনো বহিরাগত ব্যক্তি বা শেয়ারহোল্ডার উপস্থিত থেকে সভায় অংশগ্রহণ করছেন। এ বিষয়ে উল্লেখ্য, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকরা ছাড়া কেবল ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবের উপস্থিতি কাম্য। তবে পর্ষদ বা পর্ষদের সহায়ক কমিটির আহ্বানে ব্যাংকের কোনো কর্মকর্তা তাঁর সংশ্লিষ্ট কোনো বিষয় উপস্থাপনের সময় সভায় সাময়িক সময় উপস্থিত থাকতে পারবেন, পুরো সময়ে নয়। কোনো পরিস্থিতিতেই কোনো বহিরাগত ব্যক্তি বা শেয়ারহোল্ডার যাতে পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত না থাকেন, তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

আরও বলা হয়েছে, কিছু ব্যাংক বিধি মোতাবেক তাদের পরিচালকদের প্রদেয় সম্মানীর চেয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দিচ্ছে। এটি ব্যাংক-কোম্পানি আইন ১৯১৯ এর ১৮ ধারার (১) উপধারার সুস্পষ্ট লঙ্ঘন। আইনে বলা আছে, ব্যাংক কোম্পানির কোনো পরিচালক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার জন্য নির্ধারিত ফি ছাড়া কোনো আর্থিক বা অন্য কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না। এ ক্ষেত্রে একজন পরিচালক এক বৈঠকের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নিতে পারেন। কিন্তু কিছু ব্যাংক নিজেদের মতো করে পর্ষদ সদস্যদের বেশি অর্থ দিচ্ছে।