মুদ্রানীতির বাস্তবায়ন আরও সহজ করতে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তফসিলি ব্যাংকগুলোর বাধ্যতামূলক জমা সঞ্চিতির অনুপাতগুলোয় সংশোধনী এনেছে বাংলাদেশ ব্যাংক। খবর বাসসের।
এর ফলে এখন থেকে নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) ও বিধিবদ্ধ জমা অনুপাত (স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) পৃথকভাবে হিসাব করা হবে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
তবে এই পরিবর্তন আগামী ১ ফেব্রয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে নতুন ব্যাংক কোম্পানি আইনের ৩৩-এর (২) উপধারায় পরিবর্তন আনায় নগদ জমার অতিরিক্ত অর্থই কেবল এসএলআর হিসেবে গণ্য হবে। বর্তমানে এসএলআর ও সিএসআর এই দুটি হাতিয়ারের আওতায় ১৯ শতাংশ পরিমাণ তারল্য বাংলাদেশ ব্যাংকের কাছে সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকে, যা সার্বিকভাবে এসএলআর হিসেবে পরিচিত। তবে এ ১৯ শতাংশ এসএলআরের মধ্যে ৬ শতাংশ সিআরআরও রয়েছে।
তবে এ ১৯ শতাংশ এসএলআরের সবটাই ব্যাংকগুলোর তারল্য সম্পদ হিসেবে গণ্য। এর আওতায় নগদ অর্থ, স্বর্ণ ও সরকারের ট্রেজারি বিল ও বন্ড অন্তর্ভুক্ত।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর দৈনিক ভিত্তিতে রক্ষণীয় সহজে বিনিময়যোগ্য সম্পদের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের দ্বিপক্ষীয় গড় ভিত্তিতে রক্ষণীয় নগদ জমা থেকে আলাদাভাবে নির্ণীত হবে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৩৩ উপধারা (১)-এ অর্পিত ক্ষমতাবলে প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে সিআরআরের অতিরিক্ত নগদ জমাসহ বাংলাদেশের অভ্যন্তরে সহজে বিনিময়যোগ্য সম্পদের রক্ষণীয় মাত্রা তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের অন্যূন ১৩ শতাংশ এবং ইসলামী শরীয়াহ্ ব্যাংকের ক্ষেত্রে ৫ দশমিক ৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, এর ফলে এ দুটি হাতিয়ারের হার আর একসঙ্গে পরিবর্তনের প্রয়োজন হবে না। এখন থেকে এসএলআর ইচ্ছা করলেই বাড়ানো-কমানো সম্ভব হবে।