বিশেষ প্রতিনিধিদেশের ব্যাংকগুলো এতদিন তাদের প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে সাড়ে ৮১ টাকা পর্যন্ত ঋণ দিতে পারত। আগামী ১৫ ডিসেম্বর থেকে এর পরিমাণ কিছুটা কমে গিয়ে ৮১ টাকা হচ্ছে। তবে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে এর পরিমাণ ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমে হবে ৮৮ টাকা ৫০ পয়সা হবে।মুদ্রা সরবরাহের গতিকে নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য দুই ধরনের বিধিবদ্ধ সংরক্ষণের বা জমার হার বাড়িয়ে দেওয়ায় এই পরিস্থিতির উদ্ভব হতে যাচ্ছে। এর ফলে দেশের ব্যাংকগুলো থেকে অন্তত দুই হাজার কোটি টাকা চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকে। আর বাজারে সার্বিকভাবে মুদ্রা সরবরাহ খানিকটা কমে যাবে, যার প্রভাবে ঋণ ও শেয়ারবাজারে অর্থপ্রবাহে খানিকটা ভাটা পড়বে। ঋণ ব্যয়বহুল হবে। আমানতের সুদ বাড়ানোর দিকেও যেতে পারে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার তফসিলি ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা বা সংরক্ষণের হার (সিআরআর) বিদ্যমান সাড়ে পাঁচ থেকে বাড়িয়ে ছয় শতাংশ করেছে।এতে ব্যাংকগুলোর বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণের (এসএলআর) হার সাড়ে ১৮ থেকে বেড়ে ১৯ শতাংশে দাঁড়াল।এ ছাড়া ইসলামী ব্যাংকগুলোর জন্য এসএলআর সাড়ে ১০ থেকে বাড়িয়ে সাড়ে ১১ শতাংশ করা হয়েছে। নতুন হারগুলো আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর আগে চলতি বছরের মে মাসে সিআরআর ও এসএলআর বাড়ানো হয়েছিল। যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যেই দেশে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। মুদ্রার জোগান বেড়ে গিয়ে নতুন করে মূল্যস্ফীতিতে যাতে আবার চাপ না তৈরি হয়, সে বিবেচনায় এসএলআর ও সিআরআর বাড়ানো হয়েছে।’ এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতির সঙ্গেও সাযুজ্যপূর্ণ বলেই তিনি মন্তব্য করেন।উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে (সেপ্টেম্বর, ২০১০) বার্ষিক গড় মূল্যস্ফীতির হার আট শতাংশ ছাড়িয়ে গেছে, যা কি না গত অর্থবছর শেষে (জুন, ২০১০) ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম চার মাস শেষে অর্থাৎ অক্টোবরে এসে ব্যাংকে বাড়তি তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার ৮৫০ কোটি টাকা।তবে আন্তব্যাংক মুদ্রাবাজারে অর্থের চাহিদা এই মুহূর্তে খানিকটা বেশি। ব্যাংকগুলো স্বল্প সময়ের জন্য মুদ্রাবাজার থেকে অর্থ ধার করতে গিয়ে (কলমানি) আগের চেয়ে বেশি সুদ দিচ্ছে। কলমানির সুদের হার গতকাল গড়ে ১৬ এমনকি ১৮ শতাংশও ছিল।ধারণা করা যায়, ১৫ দিন পর বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই চাহিদা আরও খানিকটা বাড়বে। কেননা, ব্যাংকগুলোকে হয় আমানত দশমিক পাঁচ শতাংশ হারে বাড়াতে হবে নতুবা তাদের ঋণ কমিয়ে আনতে হবে। ঋণ কমানো সহজ কাজ নয়, একইভাবে আমানত বাড়ানোও। ফলে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা (সিআরআর) বাড়াতে গিয়ে এবং গ্রাহকের প্রাত্যহিক চাহিদা মেটাতে মুদ্রাবাজারের শরণাপন্ন হতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এতে কলমানির সুদের হার বাড়বে। অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে অর্থ চাইবে। ফলে সেখানে ট্রেজারি বিল জমা রেখে অর্থ ধার করতে হবে ব্যাংকগুলোকে। বর্তমানে ট্রেজারি বিল জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ করতে (রেপো বা পুনঃ ক্রয় চুক্তি) ব্যাংকগুলোকে সাড়ে পাঁচ শতাংশ হারে সুদ দিতে হয়। আর রিভার্স রেপো বা পুনঃপুন ক্রয় চুক্তির সুদের হার সাড়ে তিন শতাংশ। ধারণা করা যায়, ব্যাংকগুলোর দিক থেকে কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা ব্যবস্থাপনার এই দুই নীতিনির্ধারণী উপাদানের সুদের হার বাড়ানোয় চাপ তৈরি হবে। আবার ঋণ কমিয়ে আনতে ব্যাংকগুলো ঋণ ব্যয় বাড়াতে পারে। তাতে ব্যাংক থেকে টাকা ঋণ করতে ব্যবসায়ীদের বেশি সুদ দিতে হতে পারে। একইভাবে আমানতের সুদের হার বাড়িয়ে গ্রাহককে ব্যাংকে অর্থ জমা করতে উৎসাহ জোগানো হবে।অন্যদিকে ঋণপ্রবাহ কমাতে চাইলেও বাংলাদেশ ব্যাংক উৎপাদন খাতসহ প্রয়োজনীয় খাতগুলোতে অর্থ জোগান ঠিক রাখতে চাইবে। কেন্দ্রীয় ব্যাংক বরং আগ্রহ দেখাবে শেয়ারবাজারে অর্থ প্রবাহের হ্রাস টেনে ধরতে। কিন্তু, শেয়ারবাজারে বড় অঙ্কের অর্থ যাচ্ছে অন্য খাতের নামে নেওয়া ঋণের টাকা থেকে। আর বাজার অতিমাত্রায় চাঙা থাকায় এই অর্থের লাভের পরিমাণ অনেক বেশি। ফলে এক-দুই শতাংশ হারে সুদ বৃদ্ধিও সেক্ষেত্রে কাজে লাগবে না বলে মনে করা হচ্ছে।